করোনাভাইরাস মহামারীতে ব্যবসা-বাণিজ্য, ভ্রমণসহ সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় প্রতিটা ক্ষেত্রে আর্থিকভাবে ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। এতে নিজেদের টিকিয়ে রাখতে কর্মী ছাঁটাই করছে বন্যপ্রাণী সংরক্ষণে নিয়োজিত সংস্থাগুলো। ফলে বন্যপ্রাণী সংরক্ষণে একদিকে কর্মীর অভাব, অন্যদিকে বেকারত্ব বেড়ে যাওয়ায় তারা চোরা শিকার শুরু করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। সব মিলিয়ে ভাইরাসটি বন্যপ্রাণী সংরক্ষণে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে।
আফ্রিকায় এখন পর্যন্ত ভাইরাসটির সংক্রমণ তুলনামূলক কম রয়েছে। তবে এর প্রাদুর্ভাব আফ্রিকার পর্যটন শিল্পকে বিধ্বস্ত করে দিয়েছে, যার ক্ষতি বছরে ৩ হাজার কোটি ডলার।
আফ্রিকায় বন্যপ্রাণী রক্ষা করে এমন একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রধান বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বন্যপ্রাণী সংরক্ষণে সবচেয়ে বড় হুমকি।
ব্রিটিশ সংস্থা তুস্ক ট্রাস্টের প্রধান চার্লি মোহেও বিবিসিকে জানান, তহবিল সংগ্রহ বাতিল হওয়ায় তাদের সংস্থা ২০ লাখ ডলার হারাবে বলে মনে করা হচ্ছে। মহাদেশজুড়ে বিভিন্ন সংস্থা তাদের হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। এতে বন্য জীবন রক্ষাকারী রেঞ্জারদের সংখ্যা হ্রাস পেয়েছে। অন্যদিকে বর্তমানে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেঁচে থাকার জন্য তারা হয়তো চোরা শিকার করা শুরু করবে।
বিবিসি





