করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে কোনো ধরনের বার্তা না দিয়ে নাগরিকদের বাড়ির সদর দরজার বাইরে, আবার কখনো বাড়ির ভেতরে নজরদারি ক্যামেরা বসিয়েছে চীন। আয়ান লাহিফ নামের একজন বাসিন্দা বেইজিংয়ে ফিরে আসার পর সকালে দেখতে পেয়েছেন তার অ্যাপার্টমেন্টের সদর দরজার বাইরের দেয়ালে একটি নজরদারি ক্যামেরা লাগানো রয়েছে। ক্যামেরার লেন্সটি ছিল তার দিকে তাক করা।
দক্ষিণ চীন ভ্রমণ করে আসা ৩৪ বছর বয়সী আইরিশ প্রবাসী এবং তার পরিবার দুই সপ্তাহের হোম কোয়ারেন্টিন শুরু করেছিলেন। নভেল করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে বেইজিং সরকার তাদের হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছিল। তিনি বলেন, আমি বাড়ির সদর দরজা খুলে দেখতে পেলাম সেখানে একটি ক্যামেরা লাগানো হয়েছে। অথচ আমাদের এ বিষয়ে সতর্ক করা হয়নি।
আয়ান লাহিফ বলেন, সদর দরজার সামনে ক্যামেরা থাকা আপনার গোপনীয়তার অধিকারের লঙ্ঘন। গত ফেব্রুয়ারি থেকে চীনজুড়ে কয়েকটি শহরে বাড়ির বাইরে ক্যামেরা লাগানোর ঘটনা ঘটেছে। যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।
সিএনএন





