জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার টুইটারে ঘোষণা দিয়েছেন যে ব্রাজিলিয়ান অ্যামাজনে কভিড-১৯ মোকাবেলায় তিনি ১ লাখ ইউরো অনুদান দেবেন। মানবতার জন্য কিশোরী গ্রেটা গুলবেনকিয়ান পুরস্কার পাওয়ার পর এই ঘোষণা দেন। পুরস্কারটির অর্থমূল্য ছিল ১০ লাখ ইউরো। পুরস্কার থেকে আসা এ অর্থ থুনবার্গ ফাউন্ডেশনের মাধ্যমে অ্যামাজানের আদিবাসীদের অঞ্চলে ভাইরাসটি মোকাবেলায় সহায়তা করা ফ্রাইডেজ ফর ফিউচার ব্রাজিলে দেয়া হবে।
ঘোষণায় থুনবার্গ জানিয়েছেন, ইকোসাইডকে আন্তর্জাতিক অপরাধে পরিণত করতে কাজ করা স্টপ ইকোসাইড সংস্থাকে আরো এক লাখ ইউরো দেয়া হবে।
টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে এই সুইডিশ কর্মী বলেছেন, তিনি পুরস্কারের পুরো অর্থ দান করবেন, তবে অন্য প্রাপকদের বিষয়ে এখনো তিনি কিছু জানাননি।
থুনবার্গ বলেন, পুরস্কারের ১০ লাখ ইউরো আমার কল্পনার থেকেও অনেক বেশি অর্থ। তবে পুরস্কারের পুরো অর্থ আমার ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সংস্থা ও প্রকল্পে দান করা হবে। এক্ষেত্রে যারা জলবায়ু ও পরিবেশগত সংকট দ্বারা সরাসরি আক্রান্তদের সহায়তার জন্য কাজ করছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
এছাড়া টেকসই পৃথিবী এবং প্রকৃতি ও প্রাকৃতিক বিশ্বকে রক্ষায় লড়াই করা সংস্থা ও প্রকল্পগুলোকে সহায়তা করা হবে।
সিএনএন





