একটি নতুন জিনগত গবেষণায় দেখা গেছে, ভ্রমণকারীদের মাধ্যমে কভিড-১৯ কয়েকবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রবেশ করেছে এবং তীব্র আকারে ছড়িয়ে পড়া বন্ধ করতে অঙ্গরাজ্য সরকার কন্ট্যাক্ট ট্রেসিংয়ের কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে।

গত সোমবার সায়েন্স জার্নালে প্রকাশিত এ প্রতিবেদনে দৃঢ়ভাবে ইঙ্গিত দেয়া হয়েছে যে অন্তত একটি ক্রুজ জাহাজের প্রাদুর্ভাব একক কোনো ব্যক্তির দ্বারা শুরু হয়েছিল। এ ভাইরাসটির স্ট্রেনই মহামারীর শুরুতে ওয়াশিংটন রাজ্যে ছড়িয়ে পড়েছিল।

গবেষণাটির নেতৃত্ব দেয়া ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. চার্লস চিউ বলেন, এটি একটি ছোট বিশ্লেষণ, তবে এটি কয়েকটি আক্রান্তের ঘটনা কীভাবে মহামারীতে রূপান্তরিত হতে পারে এবং কীভাবে দ্রুত পদক্ষেপ ভাইরাসের বিস্তার বন্ধ করতে পারে—তার চিত্র আঁকতে সহায়তা করে।

গবেষণার জন্য চিউ ও তার সহকর্মীরা ক্যালিফোর্নিয়ার নয়টি কাউন্টি থেকে ৩৬ জন কভিড-১৯ রোগীর ভাইরাল নমুনা সংগ্রহ করেছিলেন এবং এমএসএসপিই নামে একটি নতুন পদ্ধতি ব্যবহার করে সরাসরি জিনোমগুলো সিকোয়েন্স করেন।

চিউ বলেন, গবেষণায় আমরা ক্যালিফোর্নিয়ায় কয়েক জাতীয় ভাইরাস পেয়েছি। যুক্তরাষ্ট্রে ভাইরাসটি দেখা দেয়ার অন্তত প্রথম কয়েক সপ্তাহে এটা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েনি, বরং কয়েকজনের মাধ্যমে ভাইরাসটি কয়েকবার এখানে প্রবেশ করেছে। এখানে ভাইরাসটি আসার পর এটা রুখতে অনেকগুলো সুযোগ হাতছাড়া হয়েছে। ভাইরাসটি শনাক্তের জন্য তখনো আমাদের প্রয়োজনীয় অবকাঠামো ছিল না।

তিনি বলেন, প্রাথমিক স্তরেই দ্রুত ও সাবধানতার সঙ্গে পর্যালোচনা করতে পারলে ভ্রমণের নিষেধাজ্ঞাগুলো কার্যকরী হতো।

সিএনএন