নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি তাদের অন্যতম। ইউরোপে কডিভ-১৯-এর বিপর্যয় শুরুই হয়েছিল ইতালিকে দিয়ে। এরপর এ সংক্রামক রোগটি ছড়িয়ে পড়ে অন্যান্য দেশে। অবশ্য ইতালিতে আগে শুরু হলেও এখনো দুঃসময় কাটিয়ে উঠতে পারেনি তারা। দেশটির পরিস্থিতি এতটাই নাজুক যে তারা বেশ কয়েকজন মাফিয়া বসকে জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে তৈরি নতুন নিয়ম অনুযায়ী তাদের মুক্তি দেয়া হয়েছে। তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অ্যান্টি-মাফিয়া প্রসিকিউটর।
মুক্তি পাওয়া মাফিয়া বসদের মাঝে আছে প্রভাবশালী সিসিলিয়ান কোসা নস্ট্রার বস ফ্রান্সেসকো বোনুরা, নদ্রানঘেটার সদস্য ভিনসেনজো ইনাজ্জো এবং কাসালেসির সদস্য পাসকোয়েল জাগারিয়া। যাদের এখন গৃহবন্দি করে রাখা হয়েছে।
এ ব্যাপারে ইতালির অ্যান্টি-মাফিয়া প্রসিকিউটর ফেদেরিকো কাফিয়েরো বলেন, সংশোধনমূলক সুবিধার আলোকে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতালিয়ান সরকারের অনুমোদিত ম্যাজিস্ট্রেট এ সিদ্ধান্ত দিয়েছে।
কাফিয়েরো আরো বলেছেন, এই তিনজনকে অতিরিক্ত আইসোলেশনে রাখা হয়েছে, যেন তারা বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে না পারে। কারণ একবার ঘরে ফিরে এলে এসব নিয়ম আর কার্যকর থাকে না।
তবে এভাবে মাফিয়া নেতাদের মুক্তি দেয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন ইতালির বিরোধীদলীয় নেতা মাত্তেও সালভিনি। ফেসবুক বার্তায় তিনি বলেন, এটা পাগলামি। সাধারণ মানুষ, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, পুলিশসহ যারা এসব মাফিয়ার কারণে ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এটা অসম্মান।
অবশ্য কেবল ইতালিই নয়, এর আগে আরো অনেক দেশ কারাবন্দিদের করোনা পরিস্থিতিতে মুক্তি দিয়েছিল।
সিএনএন





