শিশুদের নিয়ে বসবাস বয়স্কদের গুরুতর করোনা আক্রান্ত হওয়ার বড় ঝুঁকির সঙ্গে যুক্ত নয়। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এ গবেষণায় ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে ৬৫ বছরের নিচে নয় মিলিয়ন প্রাপ্তবয়স্কের পরিসংখ্যান খতিয়ে দেখা হয়েছে। যেখানে একই বাসায় শিশুদের সঙ্গে থাকা এবং না থাকাদের ঝুঁকিকে তুলনা করা হয়েছে। যাতে দেখা গেছে, একই বাসায় ১৮ বছরের নিচে যাদের বয়স, তাদের সঙ্গে থাকার ফলে কভিড-১৯-এ গুরুতরভাবে আক্রান্ত হওয়া কিংবা মারা যাওয়ার কোনো বাড়তি ঝুঁকি নেই। গবেষণায় যুক্ত থাকা এক বিজ্ঞানী বলেন, স্কুল থেকে বাসায় আসা বাচ্চাদের কারণে কোনো ক্ষতি হয়নি। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) গবেষকরা দেখেছেন, খুব ছোট কিংবা নিম্ন মাধ্যমিক স্কুলগামীদের সঙ্গে জীবনযাপনের কারণে সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি বাড়েনি। বরং যারা শিশুদের সঙ্গে বসবাস করেছে, তাদের মৃত্যুর আশঙ্কা যারা করেনি তাদের চেয়ে ২৫ শতাংশ কম। এর কারণ হিসেবে গবেষকরা স্বাস্থ্যকর জীবনযাপনকে সামনে এনেছেন। যেখানে শিশুদের যত্ন নিতে গিয়ে অভিভাবকদেরও নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হয়েছে, যা কিনা মারাত্মক সংক্রমণের ঝুঁকি অনেক কমিয়ে দিয়েছে। যেসব মানুষ মাধ্যমিক স্কুলগামীদের সঙ্গে একসঙ্গে বসবাস করেছে, তাদের ক্ষেত্রে কভিড-১৯-এর ঝুঁকি বেড়েছিল মাত্র ৮ শতাংশ। পাশাপাশি তাদের এ রোগে মারা যাওয়ার আশঙ্কা ২৭ শতাংশ কম ছিল।

স্কাই নিউজ