নভেল করোনাভাইরাস ছোট অঞ্চলে তীব্রভাবে ও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে, যেখানে বসবাসকারীরা সাধারণত নিজেদের সীমিত ও ঘনিষ্ঠ গণ্ডির মাঝে অবস্থান করে। বিপরীতে ভাইরাস বিস্তৃত হতে সময় নেয় জনাকীর্ণ বড় শহরগুলোতে, যেখানে বিভিন্ন পাড়ার বাসিন্দারা একত্রে মিশে থাকে। তবে বড় শহরে ভাইরাস তুলনামূলক বিচ্ছিন্ন অঞ্চলগুলোর চেয়ে অধিক মানুষকে সংক্রমিত করে এবং দীর্ঘস্থায়ী হয়।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের মরিটজ ক্রায়েমার এবং তার সহকর্মীরা বিভিন্ন আকার ও জনসংখ্যার কমিউনিটি এবং ঘনত্বের ওপর ভিত্তি করে সার্স-কোভ-২-এর বিস্তৃতির মডেল তৈরি করেছেন।
গবেষকরা তাদের মডেলকে বৈধতা দিয়েছেন বিভিন্ন আকৃতির শহরে ব্যক্তির চলাচল ও সংক্রমণের হার থেকে প্রাপ্ত ফলাফলের তুলনার ভিত্তিতে। এক্ষেত্রে তারা উদাহরণ হিসেবে জনাকীর্ণ চীনা শহর উহানকে যেমন রেখেছেন, তেমনি রেখেছেন কম ঘনত্বসম্পন্ন ইতালির বিভিন্ন প্রদেশকেও।
এ দলের মডেলটির পূর্বাভাস হচ্ছে তুলনামূলকভাবে কম জনাকীর্ণ শহর, যেখানকার বাসিন্দারা অবাধে মেলামেশা না করে নিজেদের সম্প্রদায়ের মাঝে মেলামেশা সীমাবদ্ধ রাখে, সেসব অঞ্চলে তুলনামূলকভাবে কভিড-১৯-এর সংক্রমণ স্বল্পস্থায়ী ও তীব্র হতে দেখা যায়। অন্যদিকে জনাকীর্ণ শহরে সংক্রমণের প্রাদুর্ভাব দীর্ঘমেয়াদি হয়। পাশাপাশি গ্রাম অঞ্চলের বা বিচ্ছিন্ন অঞ্চলের তুলনায় দীর্ঘস্থায়ী প্রাদুর্ভাবের ভেতর দিয়ে যেতে হয় জনাকীর্ণ শহর অঞ্চলকে।
গবেষকরা তাদের মডেল বিশ্বব্যাপী ৩১০টি শহরে প্রয়োগ করেছেন। যেখানে দেখা গেছে, মঙ্গোলিয়ার উলানবাটোর সংক্রমণের স্বল্পমেয়াদি প্রাদুর্ভাব আশা করতে পারে, সেখানে মাদ্রিদের মতো বড় শহর দেখতে পারে দীর্ঘায়িত প্রকোপ।
নেচার জার্নাল





