চীনের ন্যাশনাল হেলথ কমিশন বলেছে, সরকার উচ্চঝুঁকির কাজে নিয়োজিত কর্মীদের জন্য ভ্যাকসিনের ‘জরুরি ব্যবহার’ অনুমোদন দিয়েছিল। দেশটির একজন উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকতা জানিয়েছেন, জুলাই থেকে জরুরি কর্মীদের বাছাই করা গ্রুপগুলোকে ভ্যাকসিন দিচ্ছে চীন। চীনের ন্যাশনাল হেলথ কমিশনের বিজ্ঞান ও প্রযুক্তি সেন্টারের প্রধান ঝেং ঝোংয়ি রোববার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভিকে বলেছেন, সরকার স্বাস্থ্যকর্মী ও সীমান্তের কার্যক্রমে যুক্ত কর্মীদের জন্য সার্স-কোভ-টু ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে এটাই প্রথম চীনে ভ্যাকসিন ব্যবহারের আনুষ্ঠানিক ও নিশ্চিত খবর। ঝেং ঝোংয়ি বলেছেন, আইন মেনেই সব করা হয়েছে। গুরুতর জনস্বাস্থ্য সংকটের সময় অপ্রমাণিত ভ্যাকসিনের সীমিত ব্যবহারের আইনি অনুমোদন রয়েছে। ঝেং আরো জানান, এই জরুরি ব্যবহারের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে; পার্শ্বপ্রতিক্রিয়া, প্রয়োজনে ক্ষতিপূরণের মতো বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেয়া হচ্ছে।
দ্য গার্ডিয়ান





