নভেল করোনাভাইরাসে প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। তবে অন্যান্য দেশের তুলনায় জাপানে এখনো নিয়ন্ত্রণের মধ্যে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেয়া না হলে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে জাপানে মৃত্যুবরণ করতে পারে প্রায় চার লাখ মানুষ। এ ইস্যুতে অর্থনৈতিক প্রণোদনা বাড়াতে এখন বেশ চাপের মুখে আছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

জাপানে আক্রান্তের সংখ্যা কম হলেও সেখানে কেবল যাদের উপসর্গ দেখা যাচ্ছে, তাদেরই করোনা পরীক্ষা করা হচ্ছে। গতকাল বিকাল পর্যন্ত জাপানে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১০০ ও মৃত্যুবরণ করেছে প্রায় ২০০ জন। তবে ভবিষ্যৎ পরিস্থিতি আন্দাজ করতে পেরে সরকারের পক্ষ থেকে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে জাপানি মিডিয়ায় প্রকাশিত সেই প্রতিবেদনটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন সূত্র বলছে, যদি সঠিক পদক্ষেপ না নেয়া হয়, তবে চার লাখ মৃতের পাশাপাশি প্রায় ৮ লাখ ৫০ হাজার মানুষের ভেন্টিলেশনের প্রয়োজন হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জাপানে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে অন্যান্য অঞ্চলের চেয়ে রাজধানী টোকিওর পরিস্থিতিই বেশি খারাপের দিকে যাচ্ছে। রাজধানী ছাড়া আরো ছয়টি অঞ্চলে এরই মধ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা, যার মধ্যে ওসাকাও রয়েছে।

এ মুহূর্তে জাপান সরকারের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এ অঞ্চলগুলোয় মানুষের মাঝে যোগাযোগের পরিমাণ ৭০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা। সে ধারাবাহিকতায় এরই মধ্যে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

রয়টার্স