নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ পরিস্থিতিতে সবার চোখ ভ্যাকসিনের দিকে। প্রশ্ন একটাই, কবে তৈরি হবে মরণঘাতী এ সংক্রামক রোগের ভ্যাকসিন? এরই মধ্যে ৩৫টির বেশি কোম্পানি করোনার ভ্যাকসিন আবিষ্কারে কাজ করে যাচ্ছে। কেউ কেউ প্রাণীদেহে ও মানবদেহে পরীক্ষামূলকভাবে ভ্যাকসিন প্রয়োগও করেছে। যদিও শুরু থেকে অনেক বিশেষজ্ঞ বলেছেন, অন্তত ১৮ মাসের আগে ভ্যাকসিন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে এখন সুসংবাদ নিয়ে হাজির হয়েছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এক প্রফেসর। তার দাবি, সেপ্টেম্বরের মধ্যে করোনার ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হবে।
সারাহ গিলবার্ট নামে ভ্যাকসিনোলজির সেই প্রফেসর বলেন, সবকিছু ঠিকঠাকমতো এগোলে সেপ্টেম্বরের মাঝে ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হবে। পাশাপাশি মানবদেহে ভ্যাকসিনের কার্যকারিতার ব্যাপারে তিনি ৮০ ভাগ আত্মবিশ্বাসী। তার দল এ নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী ১৪ দিনের মধ্যে মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার কথাও জানান তিনি। দ্রুততম সময়ের মাঝে ভ্যাকসিন প্রস্তুত করার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাওয়ার কথাও বলেন সারাহ।
পাশাপাশি এ ভ্যাকসিন কাজ করার সম্ভাবনা অনেক বেশি বলেও মন্তব্য করেন এ প্রফেসর। যদিও কার্যকারিতার ব্যাপারে শতভাগ নিশ্চয়তা কেউ দিতে পারবে না বলেও সতর্ক করে দেন তিনি। অবশ্য একই ধরনের ভ্যাকসিন তারা আগেও তৈরি করেছেন। তার ওপর ভিত্তি করেই করোনার ভ্যাকসিন তৈরির কাজ চলছে।
অবশ্য লকডাউন অবস্থায় যুক্তরাজ্যে ভ্যাকসিনের পরীক্ষা করা কঠিন, কারণ এখন মানব সংযোগ খুবই কম। তাই বিশেষজ্ঞদের এমন কোথাও পরীক্ষা চালাতে হবে, যেখানে সংক্রমণের হার বেশি। তাহলে দ্রুত ফল পাওয়াও সম্ভব হবে।
দ্য টাইমস





