নভেল করোনাভাইরাসের সংক্রমণ থামানোর জন্য বিশ্বব্যাপী নানা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সে ধারাবাহিকতায় এবার এমন একটি ন্যাসাল স্প্রের (নিঃশ্বাসের সাহায্যে নেয়া হয় এমন স্প্রে) পাওয়া গেছে, যা কিনা করোনাভাইরাসকে মানবদেহে প্রবেশে বাধা দিতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল কর্তৃক প্রকাশিত গবেষণাপত্রে এ তথ্য জানা গেছে। গবেষণাটি অবশ্য সীমিত কিছু প্রাণীর মাঝে করা হয়েছে এবং এখন পর্যন্ত পিয়ার পর্যালোচনাও হয়নি।

শেষ পর্যন্ত স্প্রেটি যদি মানুষের শরীরে কার্যকারিতা দেখাতে পারে, তবে মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি মানুষের হাতে আসা নতুন আরেকটি অস্ত্র হবে। ঠিকমতো ব্যবহার করা গেলে এটি ভ্যাকসিনের মতো কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের ইমিউনোলজির চেয়ারম্যান ড. আর্তুরো কাসাডেভাল বলেন, করোনাভাইরাসের বিরুদ্ধে নতুন কোনো কিছু কাজ করছে তা জানাটা রোমাঞ্চকর। আমি এটাকে অস্ত্রভাণ্ডারের নতুন সংযোজন হিসেবে দেখছি।

কয়েক মাস ধরে এ গবেষণাকর্মটি চালিয়েছেন নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার, নেদারল্যান্ডসের এরাসমাস মেডিকেল সেন্টার, ইতালির ইউনিভার্সিটি অব কাম্পানিয়া ও কর্নেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এ গবেষণাটি সম্পন্ন হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের অর্থায়নে।

এ স্প্রেটি সরাসরি ভাইরাসকে আক্রমণ করে। এটি কীভাবে কাজ করে তা জানাতে গিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট মাত্তেও পোরেত্তো বলেন, এটা অনেকটা জিপ দ্বারা আটকে দেয়ার মতো।

নিউইয়র্ক টাইমস