করোনাভাইরাস মহামারীর এ সংকটে জীবন রক্ষাকারী অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। সোমবার মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত একটি বিশ্লেষণে এমন তথ্য জানানো হয়েছে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্যারেলম্যান স্কুল অব মেডিসিন এবং দ্য প্যারিস ট্রান্সপ্লান্ট গ্রুপের গবেষকরা খুঁজে পেয়েছেন মৃত দাতাদের কাছ থেকে ট্রান্সপ্লান্ট যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ ও ফ্রান্সে ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। গবেষকরা লিখেছেন, ফ্রান্সে এত বেশি কমে যাওয়ার কারণ সম্ভবত তাদের জনস্বাস্থ্য ব্যবস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি কেন্দ্রীভূত।

সাধারণ সময়েই জীবিত দাতাদের কাছ থেকে অঙ্গ খুব কম পাওয়া যায়, সেগুলোও হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রান্সপ্লান্ট সিস্টেম পরিচালিত ইউনাইটেড নেটওয়ার্ক ফর অর্গান শেয়ারিংয়ের ডাটা বলছে, মার্চের দ্বিতীয় সপ্তাহে জীবিত দাতাদের থেকে নিয়ে ১৫১টি প্রতিস্থাপন হয়েছিল। এর চার সপ্তাহ পর সেটা কমে গিয়ে কেবল ১৬টিতে দাঁড়িয়েছে। অঙ্গ প্রতিস্থাপনের ঘটনা কমে যাওয়ার পেছনে আংশিকভাবে দায়ী প্রতিস্থাপন গ্রহণকারীরাও। নতুন অঙ্গকে তাদের দেহ যেন প্রত্যাখ্যান না করে, এজন্য তাদের ইমিউনোসাপ্রিসেন্ট ওষুধ গ্রহণ করতে হয়, এসবের মধ্য দিয়ে তারা ভাইরাসটির সংস্পর্শে আসতে পারে—এ দ্বিধায় তারা প্রতিস্থাপন গ্রহণ করা থেকে বিরত রয়েছেন।

ওয়াশিংটন পোস্ট