বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, কভিড-১৯ চিকিৎসায় অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার আরো বেশি মৃত্যু ডেকে আনবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, কভিড-১৯-এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার ব্যাকটেরিয়াকে আরো শক্তিশালী করে তুলবে। ফলে মহামারী চলাকালীন এবং পরবর্তী সময়ে অনেক মানুষের মৃত্যু ডেকে আনবে।

ডব্লিউএইচওর ডিরেক্টর জেনারেল টেড্রোস অ্যাডহ্যানম বলেছেন, ‘উদ্বেগজনক সংখ্যক’ ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধক্ষম হয়ে উঠছে। এসব ব্যাকটেরিয়া আগে যেসব ওষুধ দিয়ে দমন করা যেত এখন তা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, করোনাভাইরাস মহামারীর সময়ে অযথা অ্যান্টিবায়োটিকের ব্যবহার এ সংকটকে আরো বাড়িয়ে দেবে।

টেড্রোস অ্যাডহ্যানম জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন, ‘কভিড-১৯ মহামারী অ্যান্টিবায়োটিকের ব্যবহার বৃদ্ধি করেছে। এর ফলে ব্যাকটেরিয়ার সহ্যক্ষমতা বাড়িয়ে দেবে। আর এতে মহামারী চলাকালে এবং পরবর্তী সময়ে রোগ ও মৃতের সংখ্যা বৃদ্ধি করবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, কভিড-১৯ আক্রান্তদের অল্পসংখ্যকেরই পরবর্তী ব্যাকটেরিয়াল ইনফেকশন মোকাবেলায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন। সংস্থাটি একই সঙ্গে চিকিৎসার ক্ষেত্রে সহনীয় পর্যায়ে করোনাক্রান্ত রোগীর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। টেড্রোস বলেছেন, তাদের গাইডলাইন অণুজীবদের প্রতিরোধক্ষমতা বৃদ্ধি মোকাবেলা করা এবং রোগীদের জীবন বাঁচাতে সহায়ক হবে।

দ্য গার্ডিয়ান