বিজ্ঞানীরা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় ইবুপ্রোফেনের ট্রায়াল শুরু করছেন। লন্ডনের দুটি হাসপাতাল এবং কিংস কলেজের গবেষক দল বিশ্বাস করেন যে ইবুপ্রোফেনের অ্যান্টি-ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ও ব্যথানাশের ক্ষমতা করোনাক্রান্তদের শ্বাসকষ্টের সমস্যা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে।

লন্ডনের এ গবেষকরা মনে করছেন এ চিকিৎসার মাধ্যমে ভেন্টিলেটর বাদ রেখে অল্প খরচে রোগীদের চিকিৎসা করা সম্ভব। লিবারেট নামে পরিচালিত ট্রায়ালে অর্ধেক রোগীদের স্বাভাবিক চিকিৎসার সঙ্গে ইবুপ্রোফেন দেয়া হবে। তবে ট্রায়ালে ইবুপ্রোফেনের একটি বিশেষ ফর্মুলেশন ব্যবহার করা হবে, যা বাজারে কিনতে পাওয়া যাওয়া ট্যাবলেট থেকে ভিন্ন। আর্থ্রাইটিসের সমস্যায় সাধারণত রোগীরা ইবুপ্রোফেন লিপিড ক্যাপসুল ব্যবহার করেন।

প্রাণীদের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, ইবুপ্রোফেন রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের বিরুদ্ধে কাজ করে আর এটা করোনাভাইরাস আক্রান্ত মানুষের অন্যতম সমস্যা।

লন্ডনের কিংস কলেজের গবেষণা দলের একজন সদস্য অধ্যাপক মিতুল মেহতা বলেছেন, ‘আমরা যা আশা করছি সেটা প্রমাণ করার জন্য এখন আমাদের ট্রায়ালে যেতে হবে।’ তিনি আরো বলেন, ‘ইবুপ্রোফেন সফলভাবে কাজ করলে করোনা রোগীদের হাসপাতালে অবস্থানের সময় কমে যাবে। তারা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন। এটা দারুণ একটা ব্যাপার হবে। অনেক রোগীকে আইসিইউতে না নিয়েই চিকিৎসা দেয়া যাবে।’

অবশ্য মহামারীর শুরুর দিকে অনেকে বলেছিলেন ইবুপ্রোফেন কভিড-১৯ আক্রান্তদের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে। বিশেষত ফ্রান্সের কয়েকজন রাজনৈতিক নেতা বলেছিলেন যে ইবুপ্রোফেন রোগীর অবস্থা আরো খারাপ করে দেয়।

বিবিসি