দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে লকডাউনের মধ্যে শরীরচর্চার জন্য জিম ও চুল কাটানোর জন্য সেলুনকে মানুষের অপরিহার্য কার্যক্রমের অংশ হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি এর আগে কভিড-১৯ কে সাধারণ ফ্লু হিসেবে দাবি করেছিলেন। সরকারি গেজেটের একটি বিশেষ সংস্করণে নভেল করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনে থাকা রাজ্য ও শহরগুলোতে অপরিহার্য কার্যক্রমের তালিকায় জিম ও সেলুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত সোমবার রাতে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো সাংবাদিকদের বলেন, আমি আজ জিম ও বিউটি সেলুনকে নাগরিকদের অপরিহার্য কার্যক্রমের তালিকায় রেখেছি, কারণ স্বাস্থ্যই জীবন।
বোলসোনারো বলেন, যে কেউ বাড়িতে বসে থাকার কারণে, তার কোলেস্টেরলের মাত্রা বাড়ছে, উদ্বেগ তৈরি হওয়া ছাড়াও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে তারা যদি জিমে যেতে পারেন, তাহলে তারা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারবেন। হেয়ার স্টাইলিস্ট ও নাপিতের ক্ষেত্রেও এটা একই রকম। নখ ও চুল ঠিক করার মতো কার্যক্রম স্বাস্থ্যবিধির বিষয়। আর এ শিল্পগুলোতে ১০ লাখেরও বেশি মানুষ কাজ করে বলে জানান তিনি।
এদিকে এ গেজেটের বিষয়ে অবহিত নন বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলসন তেস। তবে তিনি বলেছেন, আদেশ জারি করা প্রেসিডেন্টের দায়িত্ব। পরে তিনি বলেছেন, এ জাতীয় পদক্ষেপগুলো অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন ছিল, এগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কখনই ছিল না।
ইনকোয়্যারার ডটনেট





