করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এসএম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮)।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।
নুর উদ্দিন ডায়বেটিসের রোগী ছিলেন। তার বাড়ি মেহেরপুর জেলার দারিয়াপুরে। মরদেহ ঢাকা থেকে সেখানেই নেয়া হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ৩ জুলাই নুর উদ্দিনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ডায়াবেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে ওই দিন রাতেই ঢাকায় পাঠানো হয়। সেখানে তার শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে বৃহস্পতিবার অবস্থার অবনতি হতে থাকে। রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।





