সাউথ ডাকোটার একটি কোম্পানি আগামী মাস থেকে কভিড-১৯-এর অ্যান্টিবডি চিকিৎসার ট্রায়াল মানবদেহে চালাতে যাচ্ছে, যা কিনা গাভির প্লাজমা দ্বারা তৈরি করা হয়েছে।

অবশ্য এগুলো সাধারণ কোনো গাভি নয়। বিজ্ঞানীরা জেনিটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের যে ইমিউন সিস্টেম প্রদান করেছেন, তা মানবদেহের ইমিউন সিস্টেমের অংশ। এ পদ্ধতিতে প্রাণীগুলোও রোগের সঙ্গে লড়াই করার মতো মানবিক অ্যান্টিবডি উৎপাদন করতে পারে। যা কিনা পরে ভাইরাসকে আক্রমণ করার মতো শক্তি অর্জন করে।

এসএবি বায়োথেরাপিউটিকসের প্রধান নির্বাহী ইডিয়ে সুলিভান বলেন, এই প্রাণীগুলো নিরপেক্ষ অ্যান্টিবডি তৈরি করেছে, যা কিনা ল্যাবে নভেল করোনাভাইরাসকে হত্যা করেছে। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এটা ক্লিনিক্যালি ব্যবহার করার জন্য। নিয়মিত প্রক্রিয়ায় আশা করি এটি কভিড-১৯-এর বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফল নিয়ে আসবে।

কোম্পানিটি অবশ্য বলেনি ক্লিনিক্যাল ট্রায়ালে কতজন লোকের ওপর এটি পরীক্ষা করা হবে কিংবা এই পরীক্ষা সম্পন্ন হতে কতদিন লাগবে।

এটিকে ওষুধ হিসেবে তৈরির জন্য এসএবি গাভির ত্বকের কোষ সংগ্রহ করে। এরপর সেখান থেকে গাভির অ্যান্টিবডি তৈরির জন্য দায়ী জিন বের করে দেয়। তার পরিবর্তে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ক্রোমোজম স্থাপন করা হয়, যা কিনা মানুষের অ্যান্টিবডি উৎপাদন করে।

এরপর তারা সেসব কোষ থেকে ডিএনএ নিয়ে গাভির ডিম্বাশয়ে রাখে এবং এটিকে ভ্রূণে পরিণত করে। পরে গর্ভাবস্থা শুরুর জন্য সেই ভ্রূণ গাভিতে প্রতিস্থাপন করে। এভাবে গত দুই দশক তারা শতাধিক জিনগতভাবে অভিন্ন গাভি উৎপাদন করে। যারা সবগুলো অংশত মানুষের ইমিউন সিস্টেম বহন করে চলেছে।

সিএনএন