নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব রুখে দিতে যেসব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা যদি ব্যর্থ হয় তবে চলতি বছরেই আফ্রিকা মহাদেশে প্রায় দুই লাখ (১ লাখ ৯০ হাজার) মানুষ মারা যেতে পারে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নতুন গবেষণা বলছে, করোনাভাইরাস এখনই শেষ না হয়ে মানবজাতিকে ভোগাতে পারে আগামী কয়েক বছর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের প্রধান মাতসিদিও মোয়েতি এ নিয়ে বলেন, ‘আফ্রিকা হয়ে উঠতে পারে সংক্রমণের হটস্পট।’

আফ্রিকা মহাদেশের সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশ যখন লকডাউন শিথিল করার দিকে এগিয়ে যাচ্ছে তখনই এমন সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাঠানো এক বিবৃতিতে ডা. মোয়েতি বলেন, ‘এই অঞ্চলের সরকারগুলো যদি এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তবে আগামী কয়েক বছর কভিড-১৯ রোগটি আমাদের দৈনন্দিন সূচির মধ্যে জায়গা করে নিতে পারে। আমাদের পরীক্ষা, শনাক্ত করতে হবে, আইসোলেট করতে হবে এবং চিকিৎসা দিতে হবে।’ আফ্রিকার ৫৩টি দেশে পৌঁছেছে কভিড-১৯। শুধু লেসোথো নিজেদের সুরক্ষিত রাখতে পেরেছে।

বিবিসি ও আফ্রিকানিউজ