করোনাভাইরাস মহামারীতে ব্যাপকভাবে ভুল ও মিথ্যা তথ্য প্রচার হতে দেখা যাচ্ছে। এমন তথ্যগুলো জনস্বাস্থ্যের বিষয়ে বড় ধরনের হুমকি তৈরি করেছে। তাই মহামারী নিয়ে এ ধরনের জল্পনাকল্পনা বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি।
তিনি বলেছেন, স্বাস্থ্যসেবা পেশাদারদের অবশ্যই তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুপারিশ এবং নীতিমালা তৈরি করা চালিয়ে যেতে হবে। গত বুধবার অনলাইনে অনুষ্ঠিত জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে তিনি বলেন, মহামারী নিয়ে জল্পনাকল্পনার মতো মতামতগুলোকে সত্যিই বাদ দেয়া দরকার।
ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের এ পরিচালক বলেন, আমরা জনস্বাস্থ্যের ক্ষেত্রে যা কিছু বলছি বা যেকোনো হস্তক্ষেপ, এটা হতে পারে ডায়াগনস্টিক, একটি ভ্যাকসিন বা একটি থেরাপি, সেগুলো সঠিক বৈজ্ঞানিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে তৈরি হতে হবে। আমি ও আমার জনস্বাস্থ্য সহকর্মীরা প্রতিদিন আমাদের নৈতিক নীতিগুলো যথাযথভাবে পালন করেই এটা করে থাকি।
ফাউসি বলেন, আপনি যেকোনো অবস্থাতেই থাকুন না কেন, আপনি আপনার নৈতিকতা পরিবর্তন করবেন না। পৃথিবীর কিছু কিছু জিনিস ধ্রুবক; বিজ্ঞান, তথ্য এবং কার্যকর প্রমাণ হলো ধ্রুবক। যদি পরিস্থিতি পরিবর্তন হয়, তাহলে তথ্য পরিবর্তন হতে পারে এবং আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন। তবে নৈতিক নীতিগুলো কখনই পরিবর্তন হয় না। সেগুলো স্পষ্ট ও অপরিবর্তনীয়।
সিএনএন





