নভেল করোনাভাইরাস সংক্রমণের ‘সুনামি’
ঠেকাতে ইতালির আতঙ্কিত ডাক্তাররা সরকারকে আরো আগ্রাসী বিধিনিষেধ আরোপ করার আহ্বান জানিয়েছে।
যদিও নানা দিক বিবেচনায় নিয়ে ইতালিয়ান সরকার তুলনামূলকভাবে হালকা লকডাউনের কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সান্দ্রা জাম্পা। যেখানে তারা কেবল বাজেভাবে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো লকডাউন করার কথা ভাবছে।
এছাড়া দেশব্যাপী নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ, ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা, ছুটির দিনে শপিং সেন্টার বন্ধ রাখা এবং জাদুঘর বন্ধ রাখার ব্যাপারেও কাজ করছে সরকার।
এদিকে কয়েক সপ্তাহ ধরে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে ডাক্তার এবং বিজ্ঞানীরা (যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শদাতারাও অন্তর্ভুক্ত) সরকারের প্রতি আবেদন জানিয়েছেন বিধিনিষেধ আরো কঠিন করার জন্য।
ইতালিয়ান অর্ডার অব ডক্টরের প্রেসিডেন্ট ফিলিপ্পো আনেল্লি এক ফেসবুক পোস্টে লেখেন, আমাদের দুশ্চিন্তা হচ্ছে, এ দ্বিতীয় তরঙ্গ কোনো উপকূলীয় ঝড় হবে না, এটি দেশের উপচে পড়া স্বাস্থ্য ব্যবস্থার ওপর একটি সুনামি হয়ে আসতে পারে। সে কারণে আমরা সরকারকে বলছি আরো বেশি আগ্রাসী ব্যবস্থা গ্রহণ করার জন্য।
আনেল্লি আরো বলেন, হাসপাতালের বেডগুলো কভিড-১৯-এর রোগীদের দ্বারা ভর্তি হয়ে যাচ্ছে। রোগীদের সেবার নিশ্চয়তা দেয়ার ক্ষেত্রে হাসপাতালগুলোর ক্ষমতাও হ্রাস পেয়েছে। যদি আমরা এভাবে এগোতে থাকি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
ইতালিতে আইসিইউতে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা এরই মধ্যে দুই হাজার ছাড়িয়ে গেছে। এর মাঝে অক্টোবরে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, যদি আইসিইউতে রোগীর সংখ্যা ২ হাজার ৩০০-এর মাত্রা অতিক্রম করে যায়, তবে সরকার আরো একটি লকডাউনের পথে হাঁটবে।
দ্য গার্ডিয়ান





