সম্ভাব্য শীর্ষস্থানীয় একটি করোনাভাইরাসের ভ্যাকসিন বয়স্কদের শরীরে ভালো কাজ করতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি এ ভ্যাকসিন প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের শরীরে একই ধরনের প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি করে। বৃহস্পতিবার ল্যানসেট জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
অধ্যয়নটিতে ৬৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪০০ জনের বয়সই ছিল ৫৬ বছরের বেশি। এ অধ্যয়নটি ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের ট্রায়ালের অংশ ছিল। ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল শিগগিরই প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।
অধ্যয়নটির নেতৃত্ব দেয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্ড্র পোলার্ড বলেন, আমরা খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। এমনকি ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যেও। ভ্যাকসিনটি প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধদের মধ্যে একই রকমের প্রতিরোধ প্রতিক্রিয়া তৈরি করেছে। তবে বয়স্করা সময়ের সঙ্গে সঙ্গে এ প্রতিরোধ প্রতিক্রিয়া ধরে রাখতে সক্ষম হবে কিনা, তা এখনো জানা যায়নি।
মৌসুমি ফ্লু সৃষ্টিকারী ভাইরাসের কয়েকটি ভ্যাকসিন বয়স্কদের শরীরে কম কার্যকর বলে মনে করা হয়। এজন্য উদ্বেগ রয়েছে, কভিড-১৯ ভ্যাকসিনগুলোও বয়স্কদের ক্ষেত্রে তেমনটা কার্যকর হবে না। তবে এ সপ্তাহের ফলাফলে আশা বাড়িয়ে তুলেছে, সম্ভাব্য শীর্ষস্থানীয় ভ্যাকসিনগুলো বয়স্কদের ক্ষেত্রে ভালো কাজ করবে।
সোমবার মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা মডার্না তাদের ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছিল। সংস্থাটি জানিয়েছে, ভ্যাকসিনটি ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর প্রমাণিত হয়েছে। মূল্যায়ন করা সব বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনটি সমানভাবে নিরাপদ ও কার্যকর দেখা গেছে। এর দুদিন পর বুধবার ফাইজার তাদের ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করে জানায়, তাদের ভ্যাকসিন বয়স্কদের ক্ষেত্রে ৯৪ শতাংশ ও সামগ্রিকভাবে ৯৫ শতাংশ কার্যকর।
নিউইয়র্ক টাইমস





