নভেল করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে এবার মিরপুরের শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে করোনাভাইরাস নিস্ক্রিয়করণ চেম্বার স্থাপন করলো স্থানীয় যুব সংঘ ‘রান-২৫’। উদ্যোক্তারা প্রত্যাশা করছেন, এই চেম্বারে প্রবেশের মাধ্যমে, কোন মানুষের গায়ে যদি করোনা ভাইরাসের জীবাণু লেগে থাকে তবে তা স্প্রের মাধ্যমে নিস্ক্রীয় হবে।

সংগঠনের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী জানান, জরুরি প্রয়োজনে এলাকার জনসাধারণ যাতে বাইরে যাওয়া-আসার ক্ষেত্রে জীবাণু মুক্ত হতে পারে, এই উদ্দেশ্যে শেওড়াপাড়া বাসস্ট্যান্ড হতে পশ্চিম শেওড়াপাড়া ঢোকার মুখে প্রধান সড়কের পাশে এই করোনা ভাইরাস নিস্ক্রিয়করণ চেম্বারটি স্থাপন করা হয়েছে।

শনিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হুমায়ুন রশিদ জনি এই করোনা ভাইরাস নিস্ক্রিয়করণ চেম্বারটি উদ্বোধন করেছেন। এসময় সংগঠনের সভাপতি মনিরুজ্জামান চৌধুরীসহ ক্লাবটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এই চেম্বারটির কার্যক্রম পরিচালনা করেন।

মনিরুজ্জামান চৌধুরী জানান, এটি এই সংগঠনের স্থাপিত ২য় করোনা ভাইরাস নিষ্ক্রীয়করণ চেম্বার। এরআগে এলাকার জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে গত ২ মে পশ্চিম শেওড়াপাড়ায় ইকবাল রোডের পাশে প্রথম পরীক্ষামূলক করোনা ভাইরাস নিস্ক্রিয়করণ চেম্বার স্থাপন করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি এবং উৎসাহ পেলে করোনা ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকার মূল সড়কের পাশে এবং কাঁচাবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই করোনা ভাইরাস নিষ্ক্রীয়করণ চেম্বার স্থাপন করার আগ্রহ প্রকাশ করেন তিনি।