শুনতে একটু অবাক লাগতে পারে, দুনিয়ার ১০টি দেশ এখনো করোনাভাইরাসমুক্ত। মহামারীতে দুনিয়া লণ্ডভণ্ড হয়ে গেলেও এ ১০টি দেশ এখনো স্বাভাবিক আছে। এই ১০টি দেশ হচ্ছে পালাউ, মাইক্রোনেশিয়া, মার্শাল আইল্যান্ডস, নাউরু, কিরিবাতি, সলোমন আইল্যান্ডস, টুভালু, সামোয়া, ভানুয়াতু ও টোঙ্গা। পালাউয়ের জিডিপির ৪০ শতাংশ আসে পর্যটন থেকে। কিন্তু মহামারী থেকে বাঁচতে দেশটি মার্চ মাস থেকে সীমান্ত বন্ধ রেখেছে। তবে দেশটি মহামারী থেকে বাঁচলেও এর অর্থনীতির অবস্থা বেশ খারাপ হয়ে উঠেছে। পালাউ হোটেলে সব সময় পর্যটকদের ভিড় লেগে থাকত কিন্তু এখন সুনসান নীরবতা। অবশ্য হোটেলের মালিক ব্রায়ান এজন্য সরকারকে দোষ দিতে চান না। শত হলেও এর মাধ্যমে মহামারীকে তাদের দেশে প্রবেশ ঠেকানো গেছে।

মার্শাল আইল্যান্ডসের অবস্থাও পালাউয়ের মতোই। এখানেও সীমান্ত বন্ধ। নাগরিকদের অনেকেই চায় না সীমান্ত খোলা হোক। মহামারী ঠেকানো নিয়ে তারা সন্তুষ্ট। ভানুয়াতুর পাবলিক হেলথ বিভাগের পরিচালক ডা. লেন টারিভন্ডা বলেন, আমাদের  নাগরিকদের সঙ্গে কথা বললে দেখবেন বেশির ভাগই সীমান্ত বন্ধ রাখার পক্ষে। দেশটি ১ সেপ্টেম্বর থেকে সীমান্ত খোলার পরিকল্পনা করেছিল। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে নতুন করে সংক্রমণ দেখা দেয়ায় সে সিদ্ধান্ত থেকে তারা সরে এসেছে।

বিবিসি