নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। মৃতের সংখ্যাও ক্রমবর্ধমান। তবে এর মাঝে অবশ্য অনেকে সেরেও উঠছেন। সেরে ওঠাদের আলাদাভাবে সনদ দেয়ার কথা বিবেচনা করছে অনেক সরকার।

যদিও একদিন আগেই সতর্ক করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। বলা হয়েছিল, কভিড-১৯ থেকে একবার সেরে উঠলে দ্বিতীয়বার আর আক্রান্ত না হওয়ার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। এই বার্তা দিয়ে সংস্থাটি মূলত সতর্ক করতে চেয়েছিল সেসব দেশকে যারা সেরে ওঠাদের ‘ইমিউনিটি পাসপোর্ট বা সুরক্ষা সনদ’ দেয়ার কথা বিবেচনা করছিল। কারণ এমন সনদ প্রদান করোনার বিস্তৃতিকে আরো বাড়িয়ে দিতে পারে। তাই এমন কিছু না করার পরামর্শ দেয়া হয়েছিল সংস্থাটির পক্ষ থেকে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া এই সতর্কবার্তাকে আমলেই নেয়নি চিলি। এরই মধ্যে ‘ভাইরাস ফ্রি’ সনদ দেয়ার প্রক্রিয়া শুরু করেছে লাতিন আমেরিকার দেশটি।

চিলির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা কভিড-১৯ থেকে যারা এরই মধ্যে সেরে উঠেছেন, তাদের সনদ দেয়ার পরিকল্পনার পথে এগিয়ে যাচ্ছে। এই সনদ যাদের দেয়া হবে তারা কাজে ফিরে যেতে পারবে।

দেশটির ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী পাওলা ডাজা বলেন, একটা বিষয় আমরা জানি যে যারা এরই মধ্যে অসুস্থ হয়েছেন, তাদের ফের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব সামান্যই। তিনি আরো বলেন, এ সনদ কাউকে সুরক্ষিত ঘোষণা করবে না। বরং এটি নিশ্চিত করবে তারা রোগ থেকে সেরে উঠেছেন এবং নিজেদের আইসোলেশন প্রক্রিয়াও সম্পন্ন করেছেন।

গতকাল পর্যন্ত চিলিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৩৩১। যেখানে মৃত্যুবরণ করেছেন ১৮৯ জন।

ডববিসি