প্রায় ১০০ দিন ধরে কোনো স্থানীয় সংক্রমণ শনাক্ত না হলেও ভিয়েতনামে নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সাড়ে ৯ কোটি মানুষের এ দেশটিতে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৪৫০ জনকে শনাক্ত করা হয়েছে। এমনকি এমন স্থানগুলোতে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, যেখানে প্রায় সব ঠিকঠাক হয়ে এসেছিল।
বুধবার পর্যন্ত জাপান, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাসটির প্রাদুর্ভাব যুক্তিসংগতভাবে নিয়ন্ত্রণে ছিল বলে মনে হয়েছে।
ভিয়েতনাম স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, উপকূলীয় শহর দানাংয়ে শনাক্ত করা ভাইরাসের স্ট্রেইন আগের সংক্রমণকালে ভাইরাসের স্থানীয় স্ট্রেইন থেকে আলাদা। অর্থাৎ এবারের সংক্রমণের ভাইরাসটি বাইরে থেকে এসেছে বলে বোঝা যাচ্ছে।
ভাইরাসটির পুনরায় সংক্রমণ নিয়ে চিকিৎসা বিশেষজ্ঞ ও বাসিন্দারা উদ্বিগ্ন। দেশটির কোয়াং ট্রুং বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য ও নার্সিংয়ের ডিন নুগেইন হু এনগা বলেছেন, এ সংক্রমণ আগেরটির তুলনায় আরো বিপজ্জনক। কারণ এটা একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটছে। আমরা এখনো ভাইরাসটির নতুন উৎস সম্পর্কে জানি না।
এই সপ্তাহে দানাং হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত কয়েকজন শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর কর্মকর্তারা জানিয়েছেন, তারা শহরটির বিমানবন্দর বন্ধ করে দেবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে ভ্রমণ করা ৮০ হাজারেরও বেশি পর্যটককে সরিয়ে নেয়া হবে। ভিয়েতনাম বিশ্বের অন্যতম একটি দেশ, যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
নিউইয়র্ক টাইমস





