করোনাভাইরাসের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে বাংলা ভাষায় গ্রাফচিত্রসহ মানচিত্রভিত্তিক ‘কভিড-১৯ ট্র্যাকার’
তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। জুম অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল এ ডিজিটাল ট্র্যাকারটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
‘কভিড-১৯ ট্র্যাকার’-এর মাধ্যমে করোনাভাইরাস দেশজুড়ে এবং সারা বিশ্বে কীভাবে ছড়াচ্ছে তার হালনাগাদ তথ্যচিত্র প্রকাশ করা হচ্ছে। প্রতিমুহূর্তে জানা যাচ্ছে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াও নতুন সংক্রমিত রোগী, মোট মৃতের সংখ্যা, সুস্থ, সংকটাপন্ন রোগী এবং মৃত্যুহারের সর্বশেষ তথ্য। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই প্রয়োজনীয় ডাটা বা তথ্য অনুসন্ধানের সুযোগ রয়েছে। প্রয়োজনে সারণি আকারে ডাটা ফিল্টার, এক্সপোর্ট করা যাবে।
বাংলাদেশের পাশাপাশি ওয়ার্ল্ড মিটারস ইনফো, জন হপকিন্স থেকে ডাটা সংগ্রহ করে তুলে ধরা হয়েছে বৈশ্বিক করোনা পরিস্থিতি। ফলে দেশের বিভিন্ন জেলার প্রকৃত চিত্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের করোনা সংক্রমণের চিত্রও তুলে ধরা হচ্ছে এর মাধ্যমে। প্রতি ৫-১০ মিনিট অন্তর হালনাগাদ হচ্ছে তথ্যগুলো। ওয়েবের পাশাপাশি মোবাইল সংস্করণেও মিলছে এ মাল্টিমিডিয়া তথ্যসেবাটি। আবার এপিআই ব্যবহার করে এ ডাটা যেকোনো ওয়েব পোর্টালেও ব্যবহারের সুবিধা দিচ্ছে কভিড-১৯ ট্র্যাকার। এ ভাইরাস আক্রমণের সার্বিক তথ্যচিত্র জানতে covid19tracker.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণজনিত সকল তথ্যাদি জানতে এ ট্র্যাকার অত্যন্ত গুরুত্ব ভূমিকা পালন করবে। সংবাদ সম্মেলনে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেবসহ আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





