এটা শুনতে কৌতূহলোদ্দীপক—ব্রাজিলের মানাউস এখন বিশ্বের অন্যতম করোনাভাইরাস সংক্রমিত শহর হিসেবে বিবেচিত হচ্ছে। শহরটির ৪৪-৬৬ শতাংশ জনসংখ্যা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল এবং শহরটি এখন হার্ড ইমিউনিটি অর্জন করেছে কিনা তা নিয়ে জোর বিতর্ক চলছে।

সংক্রামক রোগ ও ভ্যাকসিন বিশেষজ্ঞদের কাছে হার্ড ইমিউনিটি একটি সাধারণ টার্ম। যদিও এটা এখন ভাষা ও বিতর্কের অংশ হয়ে উঠেছে। অনেক সংক্রামক রোগ স্বাভাবিকভাবে কোনো অঞ্চলের জনসংখ্যাকে সংক্রমিত করে, যেখানে সংক্রমণের হার চক্রাকারে বৃদ্ধি বা হ্রাস পায়।

ভ্যাকসিন দেয়ার আগে হুপিং কাশি ও হামের মতো রোগের প্রকোপগুলো কয়েক বছর ধরে ছিল। রোগগুলো একটি শহর বা অঞ্চল দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা প্রতিরোধক্ষমতা অর্জন করে এবং রোগটি তার ক্ষমতা হারায়। সময়ের সঙ্গে সঙ্গে আবার মানুষের এ প্রতিরোধক্ষমতা হ্রাস পেতে পারে। এছাড়া নতুন শিশুরা জন্মগ্রহণ করায় এবং ঝুঁকিপূর্ণ লোকেরা স্থানান্তরিত হওয়ায় হার্ড ইমিউনিটি হ্রাস পায়। হার্ড ইমিউনিটি মূলত সংক্রমণের বিস্তৃতি থামিয়ে দেয়। সুরক্ষিত ব্যক্তিরা সংক্রমণের চেইন ভেঙে দিয়ে অন্যদেরও সংক্রমণ থেকে রক্ষা করে।

তবে কিছু রোগের ক্ষেত্রে এটা সহজে বোঝা যায় না। যেমন ফ্লু ভাইরাস তার গঠন কাঠামোর পরিবর্তনের মাধ্যমে মানুষের প্রতিরোধক্ষমতা অকার্যকর করে দেয়, যেমন টাইফয়েড জীবাণু মানুষের প্রাকৃতিক সুরক্ষাক্ষমতাকে নড়বড়ে করে দেয়। ফলে সহজেই সুরক্ষা তৈরি হয় না। এমনকি হার্ড ইমিউনিটি বজায় থাকলেও কিছু রোগের এজেন্ট পুরোপুরি হারিয়ে যায় না। এটা কলেরার মতো মাটি বা পানিতে কিংবা টাইফয়েডের মতো মানব বাহকগুলোতে থাকতে পারে।

হার্ড ইমিউনিটি তৈরির একটি উপায় হলো প্রাকৃতিক সংক্রমণ এবং অন্য উপায় হলো ভ্যাকসিন। ভ্যাকসিনগুলো কৃত্রিমভাবে এমন মানুষদের মধ্যে প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে পারে, যারা কখনো সংক্রমিত হয়নি এবং এতে সংক্রমণের বিস্তার চক্রটি ভেঙে যায়। প্রকৃতপক্ষে রুটিন টিকাদান অনেক রোগের সংক্রমণের হার কমিয়েছে এবং গুটিবসন্তের মতো প্রাদুর্ভাব নির্মূল করেছে।

সুরক্ষার প্রকৃত সম্পর্ক বা সতর্কভাবে ডিজাইন করা মডেল অধ্যয়ন ছাড়া মানাউসে হার্ড ইমিউনিটি প্রমাণ করা কঠিন। তবে পরের বছর সংক্রমণ হারের প্রবণতা দেখলে বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়া যাবে। প্রকৃতপক্ষে প্রাথমিক প্রমাণগুলো বলছে, শহরটিতে আবারো সংক্রমণের হার বাড়ছে।

নিঃসন্দেহে হার্ড ইমিউনিটি নিয়ে বিতর্ক চলতেই থাকবে। তবে এটা বোঝা ও পরিমাপ করার ক্ষেত্রে বিজ্ঞান খুব বেশি অস্পষ্ট ও কঠিন।

দ্য কনভারসেশন