নভেল করোনাভাইরাসের কারণে গোটা বিশ্ব এখন কার্যত স্থবির হয়ে আছে। যার বেশ উল্লেখযোগ্য প্রভাব পড়েছে ক্রীড়া দুনিয়ায়ও। এরই মধ্যে অনেক ক্লাবকে হাঁটতে হয়েছে ছাঁটাইয়ের পথে। কেউ কেউ খেলোয়াড় ও স্টাফদের বেতনও কেটে নিয়েছে, যা ভবিষ্যতে আরো কঠিন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। অন্যসব খেলার মতো টেনিসেও পড়েছে মহামারীর নেতিবাচক প্রভাব। টেনিস কিংবদন্তি বিলি জিন কিংও বলেছেন, করোনাভাইরাসের কারণে সবকিছু বন্ধ হয়ে যাওয়ার ফলে টেনিসের দুনিয়ায় চলতে থাকা বৈষম্যের স্বরূপও সামনে এসেছে। এখন পরিবর্তনের জন্য তিনি শীর্ষ খেলোয়াড়দের এগিয়ে এসে নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।

কভিড-১৯-এর মহামারীর কারণে গত মার্চ মাস থেকে বন্ধ টেনিসের সব আয়োজন। মধ্য জুলাই পর্যন্ত এই স্থবির অবস্থা বিরাজমান থাকবে বলে ধারণা করা হচ্ছে। নিচের সারির খেমলায়াড়রা, যারা কিনা একমাত্র খেলেই জীবিকা নির্বাহ করে থাকে, তারা এখন বেকার হয়ে পড়েছে।

বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষে অবশ্য ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। তবে নারী এককে ১২ বার গ্র্যান্ড স্লাম বিজয়ী কিং মনে করেন টেনিসকে এ সংকট থেকে শক্তি অর্জনের সুযোগ নিতে হবে।

তিনি বলেন, সবকিছু নতুন করে শুরু করার এটা উপযুক্ত সময়। আমি আশা করি, কভিড-১৯-এর প্রকোপ কমার পর সবাই একসঙ্গে কাজ করবে।

রয়টার্স