করোনা মহামারীতে বিতর্ক পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে যেমন নানা রকম উল্টোপাল্টা মন্তব্য করে সমালোচনা ও হাসির খোরাক হচ্ছেন, তেমনি এবার দায়িত্বজ্ঞানহীন আচরণে আবারো সমালোচনার মুখে পড়েছেন।  শ্রমঘন এন-৯৫ মাস্ক তৈরির কারখানায় হাজির হয়েছেন মাস্ক না পরেই। যুক্তরাষ্ট্র এখন করোনা সংক্রমণের এপিসেন্টার। এরই মধ্যে অর্ধ লক্ষের বেশি মানুষের প্রাণ গিয়েছে এ মারণব্যাধিতে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের এ মাস্কবিহীন কারখানা সফর বাড়াচ্ছে বিতর্ক।

মঙ্গলবার ফিনিক্সের হানিওয়েল কারখানায় পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট। কারখানা পরিদর্শনের সময় মার্কিন প্রেসিডেন্টের মুখে মাস্ক ছিল না। সঙ্গে থাকা মার্কিন কর্মকর্তারাও কেউ মাস্ক পরেননি। তবে সেফটি গ্লাস পরেছিলেন সবাই। কিন্তু করোনা যেভাবে সংক্রমণ ছড়ায় তা রুখতে শুধু সেফটি গ্লাস যে যথেষ্ট নয়, তা এখন সচেতন যেকোনো মানুষেরই জানা। মজার ব্যাপার হলো প্রেসিডেন্টের সফরের সময় কারখানার সব কর্মীর মুখে মাস্ক ছিল। কারখানার বিভিন্ন কাট-আউটে লেখাও ছিল মাস্ক ছাড়া এ এলাকায় প্রবেশ করা যাবে না। সেসব তোয়াক্কা না করেই মাস্কের কারখানায় মাস্ক না পরে গিয়ে বিপদের আশঙ্কা বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারই প্রথম নয়, এর আগেও অনেকবার মাস্ক পরতে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

গতকাল রাতে সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়ে গিয়েছে। কভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আড়াই লাখের বেশি মানুষ। স্রেফ মার্কিন যুক্তরাষ্ট্রেই কভিড-১৯ ভাইরাসের সংক্রমণে অন্তত এক লাখ মানুষ প্রাণ হারাতে পারে। ট্রাম্প নিজেই এ আশঙ্কা প্রকাশ করেছেন। অথচ তিনি নিজেই মাস্ক ব্যবহার করছেন না!

সিএনবিসি