লকডাউন নীতি অমান্য করায় নাইজেরিয়ার একটি অঞ্চলের দুটি হোটেল গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার রাজ্যের গভর্নর নাইয়েসোম উইকের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয় হোটেল গুঁড়িয়ে দেয়ার এ কার্যক্রম। মূলত ভাইরাসের বিস্তার ঠেকাতে হোটেল বন্ধ রাখার নির্দেশ দেয়া হলেও তা অমান্য করেছে এডেমেটে ও প্রডেস্ট হোম নামের হোটেল দুটি।

গভর্নর বলেন, রাজ্যের বিভিন্ন হোটেলে কভিড-১৯ টেস্টে পজিটিভ লোকজন পাওয়া গেছে। যদিও তিনি বলেননি গুঁড়িয়ে দেয়া হোটেল দুটিতে করোনা আক্রান্ত কাউকে পাওয়া গিয়েছে কিনা।

এদিকে হোটেল গুঁড়িয়ে দেয়ার পর দুটি হোটেলের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে প্রডেস্ট হোম নামের হোটেলের মালিক জানিয়েছেন তাদের হোটেল খোলা ছিল না। তিনি বলেন, হোটেল খোলা ছিল না এবং ৭০ শতাংশ স্টাফ ছুটিতে ছিলেন। এখানে কেবল তিনজন লোক ছিল। এ সময় কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ জানিয়ে তিনি আরো বলেন, তারা এসে আমাদের কাছ থেকে ঘুষ চাইতে থাকে। তারা বলে আমাদের হোটেল চালাতে দেবে, যদি আমরা তাদের টাকা দিই। কিন্তু আমাদের হোটেল বন্ধ ছিল, তাই আমরা টাকা দিতে রাজি হইনি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে রাজ্যটির প্রশাসন। বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই রাজ্যে এখন পর্যন্ত ১৫ জন রোগী শনাক্ত হয়েছে, যাদের মাঝে দুজন মৃত্যুবরণ করেছেন। রাজধানী পোর্ট হারকোর্টে গত বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকর করা হয়েছে। তবে সব মিলিয়ে নাইজেরিয়ায় এখন পর্যন্ত চার হাজারের ওপর কভিড-১৯ আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

বিবিসি