এটা এখন সুপ্রতিষ্ঠিত ধারণা যে আপনার বয়স যত বেশি হবে, কভিড-১৯-এ গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কাও তত। তবে গবেষকরা এখন পর্যন্ত প্রমাণ পাননি যে ভাইরাসটিতে বয়স্ক ব্যক্তিদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি কিনা। কভিড-১৯ নিয়ে আমাদের কাছে এখনো অনেক প্রশ্নের উত্তর নেই। তবে জাপানের একদল গবেষক নতুন একটি অধ্যয়নে পেয়েছেন, ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ক্ষেত্রে আপনার বয়স কোনো প্রভাব ফেলবে না। বয়স কেবল গুরুতর অবস্থা ও মারা যাওয়ার আশঙ্কাকে প্রভাবিত করতে পারে।
সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত অধ্যয়নটিতে গবেষকরা ইতালি, স্পেন ও জাপানের কভিড-১৯ সংক্রমণের ডাটা বিশ্লেষণ করেছেন। ২৯ মে পর্যন্ত ইতালিতে প্রতি এক লাখ জনসংখ্যায় নিশ্চিত সংক্রমিত ছিল ৩৮৩ জন, স্পেনের ৫০৭ জন ও জাপানে মাত্র ১৩ জন। গবেষকরা বিভিন্ন বয়সের মধ্যে নভেল করোনাভাইরাসে মৃত্যুর পাশাপাশি বেসিক রিপ্রোডাকশন নাম্বারের (আরও) দিকেও নজর দিয়েছিলেন। ‘আরও’ হলো, একজন সংক্রমিত ব্যক্তির থেকে গড়ে কতজন সংক্রমিত হতে পারে। তারা দেখতে পান, প্রত্যেকটি দেশে বিভিন্ন বয়সের মধ্যে আক্রান্তের হার একই রকম। তবে ‘আরও’ বেশ ভিন্ন ছিল।
দলটি তাদের গবেষণাপত্রে লিখেছেন, ইতালি, স্পেন ও জাপানের মধ্যে কভিড-১৯-এ বিভিন্ন বয়সের ক্ষেত্রে মৃত্যুর হারে সামান্য ভিন্নতা ছিল। যদিও প্রতিটা দেশে মৃতের সংখ্যায় বিশাল ব্যবধান ছিল। এ পরিস্থিতির নির্ধারককে বোঝার জন্য আমরা কভিড-১৯-এর সংক্রমণের গতিশীলতা, প্রাকৃতিক ইতিহাস বর্ণনা করে একটি গাণিতিক মডেল তৈরি করেছি এবং ইতালি, স্পেন ও জাপানে মৃত্যুর ডাটাসেট বিশ্লেষণ করেছি।
তারা প্রতিটা বয়সের জন্য মানুষ থেকে মানুষে যোগাযোগের আনুমানিক স্তর এবং প্রতিটা দেশে বিধিনিষেধের স্তরগুলো চিহ্নিত করেছে, যা ‘আরও’-এর শূন্য মানকে প্রভাবিত করে। যদি তিনটি দেশে যেকোনো বয়সের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার অনুপাত একই রকম হয়, তবে সেটারইবা কারণ কী?
দলটি অনুমান করেছিল, বয়স আক্রান্তের অসুস্থতার তীব্রতা বা মৃত্যুহারকে প্রভাবিত করে না। কিন্তু তাদের মডেল ইঙ্গিত দিয়েছে, আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বয়স প্রভাবিত করে না, তবে তীব্রতা ও মৃত্যুর ক্ষেত্রে এটা প্রভাবিত করে।
দলটি লিখেছে, যদিও আমরা সংক্রমণের ক্ষেত্রে বয়সের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করতে পারি না। তবে আমাদের ফলাফলগুলো সুপারিশ করে যে এটা মূলত বয়সের ওপর নির্ভর করে না। বরং বয়স সংক্রমণের তীব্রতা ও মৃত্যুহারে ভূমিকা রাখে। গবেষণাটি ইঙ্গিত দিয়েছে, সব বয়সীদেরই কভিড-১৯ সংক্রমণের আশঙ্কা একই রকম।
তবে এটাই শেষ নয়। গবেষকরা বলেছেন, সংক্রমণের ক্ষেত্রে বয়সের প্রভাব আরো সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে আমাদের আরো ডাটা প্রয়োজন। আর এটা তদন্ত করা বেশ কঠিন। এজন্য দলটি এ বিষয়ে বৃহৎ পরিসরে নিবিড় গবেষণার আহ্বান জানিয়েছে।
সায়েন্স অ্যালার্ট





