সম্প্রতি সংক্রমিতের সংখ্যা ঝট করে বেড়ে যাওয়ায় ইরানে কভিড-১৯-এর দ্বিতীয় ঝড়ের আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার দেশটিতে নতুন করে ৩ হাজার ১৩৪ জন শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৭০ জন। সব মিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে আর মৃত্যুবরণ করেছে আট হাজারের বেশি।

অন্যদিকে আগের দিন মঙ্গলবার গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো একদিনে শনাক্তের সংখ্যা ৩ হাজার অতিক্রম করেছে এবং সেদিন মৃতের সংখ্যা ছিল ৬৪।

তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ তালা আনাদোলু এজেন্সিকে বলেন, ‘সত্যি বলতে এটা ভয়ানক পরিস্থিতি এবং আমরা পরিস্থিতির গভীরতা বুঝতে পারিনি। মহামারী ছড়িয়ে পড়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আগে মোকাবেলায় অবহেলা দেখা গেছে।’

ইরানে করোনাভাইরাস আঘাত হানে মধ্য ফেব্রুয়ারিতে। এরপর এপ্রিলে বিধিনিষেধ শিথিল করা হয়। গণপরিবহন চালু হয়, ছোট ব্যবসায় খুলে দেয়া হয়। এরপর মে মাস থেকেই আবার শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়তে শুরু করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক সপ্তাহে ইরানের পরিসংখ্যান দেখলে বোঝা যায় দেশটিতে কভিড-১৯-এর দ্বিতীয় ঢেউ আঘাত হানার লক্ষণ দেখা যাচ্ছে। অবশ্য দেশটির কর্তৃপক্ষ বলছে, এই বৃদ্ধি শুধু উচ্চঝুঁকিতে থাকা কয়েকটি রাজ্যে দেখা যাচ্ছে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এরই মধ্যে জরুরি বার্তা দিয়ে দেশের নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

আনাদোলু এজেন্সি