নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশব্যাপী লকডাউন ও চলাচলে নিয়ন্ত্রণ আরোপ না করলে ভারতে আক্রান্তের সংখ্যা দ্রুত হারে ছড়িয়ে পড়ত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল পর্যন্ত দেশটিতে নভেল করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৬ জন এবং এর মধ্যে মারা গেছেন ২৭৩ জন।
একটি পরিসংখ্যান বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়টি দাবি করেছে, কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ না করলে ১৫ এপ্রিলের মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা ৮ দশমিক ২ লাখ ছাড়িয়ে যেত এবং লকডাউন না করে কেবল চলাচলে নিয়ন্ত্রণ করলে এ সংখ্যা হতো ১ দশমিক ২ লাখ।
প্রেস ব্রিফিংয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লভ আগারওয়াল বলেন, গত ২৫ মার্চ দেশব্যাপী লকডাউন বাস্তবায়নের আগে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সর্বোচ্চ হার ছিল ২৮ দশমিক ৯ শতাংশ। আমরা দেশব্যাপী লকডাউন বাস্তবায়ন না করলে ভাইরাসটির ছড়িয়ে পড়ার হার একই দেখতাম এবং শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার হতো। এছাড়া আমরা একেবারেই কোনো ব্যবস্থা না নিলে শনিবারেই আক্রান্তের সংখ্যা দুই লাখে পৌঁছত। দেশজুড়ে ৫৮৬টি হাসপাতাল কভিড-১৯ আক্রান্তদের জন্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এ রোগীদের জন্য এক লাখের বেশি আইসোলেশন বেড এবং সাড়ে ১১ হাজার আইসিইউ রিজার্ভ রাখা হয়েছে।’
স্ক্রলডটইন





