নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত এক সময় পার করছে গোটা দুনিয়া। তবে বিপর্যয়ের মাত্রা বিবেচনায় যুক্তরাষ্ট্রের নামই আসবে সবার আগে। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। অবশ্য এর মাঝেও বিধিনিষেধ শিথিল করাসহ নানা উদ্যোগের কথা বলছে দেশটির সরকার। তবে কেউ কেউ মনে করছে এখনো ভাইরাসকে পরাজিত করার পথে হাঁটতে পারেনি যুক্তরাষ্ট্র। তাদেরই একজন কাথলেন সেবেলিউস। ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের সাবেক এই সেক্রেটারি বলেছেন দেশটি এখনো ভাইরাস থেকে অনেকটা পেছনে পড়ে আছে।

সিএনএনকে সেবেলিউস বলেন, আমরা এখনো প্রতিক্রিয়া দেখিয়ে চলেছি। কিন্তু আমরা এর (ভাইরাসের) চেয়ে পিছিয়ে রয়েছি।

তিনি এ সময় আরো বলেন, ভাইরাসের চেয়ে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হচ্ছে যেকোনো এলাকায় কেসের সংখ্যা নিচে নামিয়ে নিয়ে আসা। এরপর যখনই কোনো কেস সামনে আসবে যতটা দ্রুততার সঙ্গে সম্ভব পরীক্ষার হার বাড়িয়ে দিন, কন্টাক্ট ট্রেস করুন এবং আক্রান্ত ও সন্দেহভাজনদের কোয়ারেন্টিনে নেয়ার বিষয়টি নিশ্চিত করুন। আমরা এখনো এটা করতে পারিনি, কারণ আমরা এখনো সব মানুষকে খুঁজছি, যারা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে।

এদিকে প্রতিনিয়ত আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় শঙ্কিত সেবেলিউস বলেন, আমরা এখনো পর্যাপ্ত পরিমাণে টেস্ট করছি না। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা কর্মকাণ্ড ও উদ্বেগের সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি যারা এ দুর্যোগে নিজেদের জীবন নিয়ে শঙ্কায় আছে এবং যারা তাদের প্রিয়জন হারাচ্ছে তাদের প্রতি সরকারকে আরো মানবিক হওয়ার আবেদন জানান তিনি।

সিএনএ