অ্যাবট ল্যাব দ্রুত অ্যান্টিজেন টেস্টের জন্য মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে (এফডিএ) জরুরি অনুমোদন পেয়েছে। ফলে এখন ১৫ মিনিটের মধ্যে কভিড-১৯-এর সংক্রমণ শনাক্ত করা সম্ভব হবে। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিসেবা বিভাগের সহকারী সচিব ব্রেট গিরোইরের মতে, এই টেস্টটি ‘গেম চেঞ্জার’ প্রমাণ হতে পারে।  বিনিয়োগকারীরাও নিশ্চিতভাবে এমনটাই ভাবেন। এদিকে বৃহস্পতিবার সকালে অ্যাবটের শেয়ার প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

এফডিএর কাছ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া অ্যাবটের বিনাক্সনাও কভিড-১৯ এজি কার্ডটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো। এটিতে খরচ পড়বে ৫ ডলার এবং এর সঙ্গে ফ্রি মোবাইল অ্যাপ পাওয়া যাবে। ফলে কেউ যদি টেস্টে নেগেটিভ আসে তবে তা সাময়িকভাবে ডিসপ্লেতে দেখা যাবে।

এ টেস্ট নিয়ে আশাবাদী অ্যাবট অক্টোবরের মধ্যে মাসে ৫০ মিলিয়ন বিনাক্সনাউ টেস্ট করবে বলে প্রত্যাশা করছে। ভাইলর কলেজ অব মেডিসিনের ভাইরোলজির প্রফেসর জোসেফ পিট্রোসিনো বলেন, বড় আকারের এ টেস্ট ও অ্যাপ কয়েক মিলিয়ন লোককে দ্রুত ও নির্ভরযোগ্য পরীক্ষার সুযোগ করে দেবে।

তিনি আরো বলেন, ল্যাবভিত্তিক টেস্টে আপনি দারুণ সংবেদনশীলতা পাবেন কিন্তু আপনাকে কয়েকদিন বা আরো বেশি অপেক্ষা করতে হতে পারে।কিন্তু র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে আপনি তাত্ক্ষণিকভাবে ফল পাবেন। এরপর আপনি দ্রুত সংক্রামক মানুষগুলোকে কোয়ারেন্টিনে নিতে পারবেন ফলে তারা আর ভাইরাস ছড়াতে পারবে না। বিনাক্সনাউ হচ্ছে চতুর্থ অ্যান্টিজেন টেস্ট যা কিনা এফডিএ কর্তৃক জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।

সিএনএন