করোনাভাইরাস থেকে সুরক্ষায় ভিটামিন ডির কোনো ভূমিকা আছে কিনা, তা পরীক্ষা করে দেখার কথা ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। সম্প্রতি একটি গবেষণায় পাওয়া গেছে যে যাদের শরীরে ভিটামিন ডির অভাব রয়েছে তারা করোনাভাইরাসের আক্রমণের বেশি ঝুঁকিতে থাকে।

যুক্তরাজ্য ভিটামিন ডির বিষয়টি সংক্রান্ত গবেষণাকে যাচাই করতে নির্দেশ দিয়েছে দেশটির দ্য সায়েন্টিফিক অ্যাডভাইজরি কমিটি অন নিউট্রিশনকে। অন্যদিকে পাবলিক হেলথ ইংল্যান্ড এর সহায়তা নিয়ে সংশ্লিষ্ট গবেষণাগুলোকে রিভিউ করতে কাজ করছে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্স। উদ্দেশ্য করোনা চিকিৎসায় চিকিৎসকদের সহায়তা করা।

দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের মুখপাত্র বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলছি যে এ-সংক্রান্ত গবেষণার রিভিউ নিয়ে আমরা কাজ করছি। আমরা আগামী সপ্তাহে আমাদের প্রতিবেদন প্রকাশের আশা রাখছি।’

এরই মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে কৃষ্ণাঙ্গ ও এশীয়দের মধ্যে করোনাভাইরাসে মৃত্যুহার বেশি, কারণ তাদের শরীরের রং সূর্যের আলো থেকে ভিটামিন ডি গ্রহণে বাধা দেয়।

যুক্তরাজ্যের এনএইচএস বর্তমানে মানুষকে শীতকালে ভিটামিন ডি-এর সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দিচ্ছে। অন্যদিকে এ মাস থেকে স্কটিশ সরকার অশ্বেতাঙ্গ নাগরিকদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ দিয়েছে।

সম্প্রতি আঙ্গলিয়া রাসকিন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার সঙ্গে মানুষের দেহে ভিটামিন ডির পরিমাণের একটি সম্পর্ক রয়েছে।

ইতালি ও স্পেনে করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার বেশি এবং বিজ্ঞানীরা দেখেছেন দেশ দুটির মানুষের দেহে ভিটামিন ডির পরিমাণ প্রয়োজনীয় গড় মাত্রার চেয়ে কম।

টেলিগ্রাফ