আগামী ছয় মাসে কভিড-১৯-এর প্রভাবে বিশ্বব্যাপী প্রতিদিন ৬ হাজার শিশু মৃত্যুবরণ করবে বলে সতর্কবার্তা দিয়েছে ইউনিসেফ। মূলত নভেল করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যসেবার ওপর বাড়তি যে চাপ তৈরি হয়েছে তার কারণেই শিশুদের এমন নির্মমতার শিকার হতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।
করোনার প্রকোপের কারণে প্রসূতি ও শিশুর স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে পরিবার পরিকল্পনা, জন্মদান, প্রসব-পরবর্তী সেবা এবং টিকাদানের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাধার মুখে পড়েছে। যা কিনা আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে বাড়তি ১.২ মিলিয়ন শিশুর মৃত্যুর কারণ হতে পারে বলে জানিয়েছে জনস হপকিনস ব্লুমবার্গ স্কুলের জনস্বাস্থ্য বিভাগের একটি বিশ্লেষণ। সম্প্রতি এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ল্যানসেট জার্নালে।
এই চিত্রটি প্রায় এক দশক ধরে প্রতিরোধযোগ্য শিশুমৃত্যুর ইতি ঘটানোর পথে যে অগ্রগতি তাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থাটি।
দ্য গার্ডিয়ান





