টেকনিক্যাল ত্রুটির কারণে যুক্তরাজ্যের প্রায় ১৬ হাজার করোনাভাইরাস সংক্রমণের ঘটনা গণনা থেকে বাদ পড়েছিল। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরের মধ্যে ১৫ হাজার ৮৪১টি সংক্রমণ যুক্তরাজ্যের দৈনিক সংক্রমণের পরিসংখ্যানের বাইরে ছিল। পরবর্তী সময়ে সেগুলো গত শনি ও রোববারের পরিসংখ্যানে যুক্ত করা হয়েছে।

পিএইচই জানিয়েছে, পজিটিভ হিসেবে শনাক্ত হওয়াদের পরে জানিয়ে দেয়া হয়েছে। এ সংক্রমণগুলো শনিবার ট্রেসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ প্রযুক্তিগত ত্রুটির অর্থ হলো গত সপ্তাহে সরকারের করোনাভাইরাস ড্যাশবোর্ডে দৈনিক মোট সংক্রমণগুলো আসল সংখ্যার চেয়ে কম ছিল এবং ওই সংক্রমিতদের তাত্ক্ষণিকভাবে ট্রেসের আওতায় আনা হয়নি।

পিএইচইর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী মাইকেল ব্রোডি বলেন, কভিড-১৯ পজিটিভ ল্যাব ফলাফল স্থানান্তর করার প্রক্রিয়ায় ঘটা প্রযুক্তিগত ত্রুটিটি ২ অক্টোবর রাতে চিহ্নিত করা হয়। কিছু ডাটা ফাইলের ধারণক্ষমতার চেয়ে বেশি পজিটিভ পরীক্ষার ফলাফল স্থানান্তর করার কারণে এমনটা ঘটেছিল। এ কারণে তারা সবাই কভিড-১৯ নেগেটিভ ফলাফল পেয়েছিল এবং পরবর্তী সময়ে তাদের ফলাফল সংশোধন করে আইসোলেশনে থাকার পরামর্শ দেয়া হয়।

বিবিসি