ভ্যাকসিন প্রস্তুতকারক মডার্না গত সোমবার যুক্তরাষ্ট্রে চূড়ান্ত তৃতীয় ধাপের ট্রায়াল শুরু করেছে। তবে শীর্ষ একজন ভ্যাকসিন বিশেষজ্ঞ জানিয়েছেন, ভ্যাকসিনের এ পর্যায়ের ট্রায়ালে গিয়ে কাজের আর গতি বাড়ানো যায় না। যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন এডুকেশন সেন্টারের পরিচালক ডা. পল অফিট সিএনএনকে জানিয়েছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের বিকাশ এখন পর্যন্ত দ্রুতগতিতে এগিয়েছে।
তিনি বলেন, সাধারণত ভ্যাকসিন বিকাশের পুরো প্রক্রিয়া শেষ করতে গড়ে ১৫ বছর সময় লাগে। আর করোনাভাইরাসের ভ্যাকসিন বিকাশের প্রক্রিয়াটি সম্ভবত দেড় বছরে শেষ হতে চলেছে। তবে চূড়ান্ত অর্থাৎ তৃতীয় ধাপের পরীক্ষায় ধীরে ধীরে এগোতে হবে।
মডার্না ভ্যাকসিনটি করোনা সংক্রমণ রোধ করে কিনা তা এ বছরের শেষ দিকে জানা যাবে এবং সবকিছু ঠিকঠাক হলে ২০২১ সালের প্রথম দিকে এটা ব্যবহারের জন্য পাওয়া যেতে পারে। যদিও ভ্যাকসিন দেয়ার প্রক্রিয়াটিতে কয়েক মাস সময় লাগবে।
অফিট বলেন, আমি ডেটা দেখার জন্য অপেক্ষা করতে আগ্রহী। তৃতীয় ধাপের ট্রায়ালটি যেকোনো ধরনের ঝুঁকি হ্রাস করতে সহায়তা করে। আপনি যদি এটা ১০ হাজার বা ১৫ হাজার মানুষের ওপর পরীক্ষা করেন এবং এটা নিরাপদ দেখতে পান তবেই আপনি বলতে পারেন যে এতে কোনো অস্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ভ্যাকসিনটি বাজারে না আসা পর্যন্ত আপনি খুব বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখতে পাবেন না।
এদিকে ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ফাইজার ও এর অংশীদার বায়োএনটেক সোমবার ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রে তারা তাদের পরীক্ষামূলক ভ্যাকসিনের দুই-তিন ধাপের ট্রায়াল শুরু করতে চলেছে।
সিএনএন





