নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকার জন্য ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সে জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ব্যাংকারসহ কর্মক্ষেত্রে অনেকে ব্যবহার করছেন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই। 

বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে পিপিই তৈরি করছে বেক্সিমকো গ্রুপ, আরমার অ্যাপারেলস লিমিটেড ও আরমার হেলথ। এরই মধ্যে ভাইরাস প্রতিরোধী কাপড় তৈরির ঘোষণা দিয়েছে দেশের কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান যাবের অ্যান্ড যুবায়ের ফেব্রিকস লি.। এপিএস গ্রুপ তৈরি করছে ভাইরাস প্রতিরোধক ফেস মাস্ক। বাংলাদেশ থেকে এসব পিপিই রফতানি হচ্ছে দেশের বাইরেও। বেক্সিমকো গ্রুপ এরই মধ্যে ৬৫ লাখ পিস পিপিই রফতানি করেছে আমেরিকায়। বিশ্ববাজারে পিপিই রফতানির পাশাপাশি দেশের ভেতরে সীমিতসংখ্যক পিপিই সরবরাহ করছে আরমার হেলথ ও ব্র্যান্ড পার্টনারিং প্রতিষ্ঠান ‘রিওয়ার্ড ক্লাব’।

আরমার হেলথের প্রধান নির্বাহী মশিউর রহমান সৌম্য বলেন, ‘এ মুহূর্তে বাংলাদেশে মাসে কমপক্ষে আট লাখ পিস সঠিক মানের পিপিইর চাহিদা রয়েছে। বিপুল এ চাহিদার বিপরীতে আরমার হেলথ মাসে তৈরি করতে পারছে মাত্র দুই লাখ পিস পিপিই। যেহেতু অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানের বেশির ভাগ পিপিই রফতানি হচ্ছে দেশের বাইরে, সে কারণে দেশের ভেতরে সঠিক মানের পিপিইর ঘাটতি থেকেই যাচ্ছে।’

বাংলাদেশে দুই ধরনের পিপিই তৈরি করছে আরমার হেলথ। একটি পিপিই লেভেল-৩, অন্যটি পিপিই লেভেল-২। পিপিই-৩-এর জন্য ব্যবহূত হয় অনুমোদিত নন-ওভেন, ৮৫ জিএসএমের বেশি পলিচেম ফেব্রিক। পিপিই লেভেল-৩ তাদের জন্য, যারা সরাসরি করোনা আক্রান্ত ব্যক্তির কাছে যান বা যাদের যাওয়া প্রয়োজন। যারা রোগীর শরীর স্পর্শ করেন বা রোগীর সেবাযত্ন করবেন। যেমন চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীরা, যারা সরাসরি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবার কাজে নিয়োজিত। পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের, যারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওয়ার্ডে বা বাসায় কাজ করেন। যারা করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে নিয়ে হাসপাতালে যাবেন, বাড়িতে করোনা আক্রান্ত কারো ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন কিংবা যারা পরীক্ষা করার জন্য করোনা আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করবেন এমন কর্মী, ল্যাব টেকনিশিয়ান, অ্যাম্বুলেন্সের চালক বা স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই লেভেল-৩।

নন-ওভেন ও ৬০ জিএসএমের বেশি পলিচেম কাপড় দিয়ে তৈরি করা হয় পিপিই লেভেল-২। চিকিৎসাকেন্দ্রে যারা সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন এবং রোগীর শরীর স্পর্শ করার প্রয়োজন নেই বা দূর থেকে রোগের বিবরণ বা ইতিহাস শুনে চিকিৎসা দেয়া সম্ভব, আক্রান্ত রোগী ও চালকের মাঝখানে অ্যাম্বুলেন্সে যদি পার্টিশন থাকে তাহলে সে চালক, অন্যান্য সাধারণ পেশাজীবী যারা এক বা একাধিক ব্যক্তির সান্নিধ্যে গিয়ে কাজ করবেন তাদের সুরক্ষার জন্য পিপিই লেভেল-২।

রিওয়ার্ড ক্লাবের সমন্বয়কারী ফয়েজ রেজা বলেন, ‘বাজারে অতিরিক্ত চাহিদা থাকার কারণে নিম্নমানের পিপিই তৈরি করে বাজারে বিক্রি করছেন এক ধরনের মৌসুমি ব্যবসায়ী। অথচ মানহীন পিপিই তৈরি ও বিক্রি করা আর ভাইরাস সংক্রমণে সাহায্য করা সমান কথা। তাই সঠিক মানের পিপিই গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার জন্য আরমার হেলথের সঙ্গে যুক্ত হয়েছে রিওয়ার্ড ক্লাব।’