বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। যে কারণে সবদেশ একটা নীতি অনুসরণ করছে। যেখানে সবাইকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। এদিকে আক্রান্ত হওয়ার প্রধান যে হটস্পট তার মধ্যে হাসপাতালও রয়েছে। তাই করোনার ভয়ে অন্য রোগের রোগীরাও হাসপাতালে যাওয়া বন্ধ করে দিয়েছেন।

এখন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, দ্য আমেরিকান কলেজ অব ইমার্জেন্সি ফিজিশিয়ান ও আরো একাধিক মেডিকেল গ্রুপ বলছে, করোনার কারণে প্রাণঘাতী রোগে আক্রান্ত অনেকেই এখন আর হাসপাতালে আসছেন না। তারা সেসব রোগীকে অনুরোধ কমরছেন, ৯১১ নম্বরে ফোন দিয়ে নিজেদের সমস্যার কথা বলেন এবং হাসপাতালে আসেন। ডাক্তাররা বলছেন, এ ধরনের জরুরি রোগীদের ক্ষেত্রে বাসার বাইরে আসাতে কোনো সমস্যা নেই। তারা জীবন বাঁচানোর তাগিদে বাসার বাইরে যেতে পারেন।

এক যৌথ বিবৃতিতে কর্তৃপক্ষগুলোর তরফ থেকে বলা হয়, অনেক হার্ট অ্যাটাক, স্ট্রোক ও কার্ডিয়াক অ্যারেস্টের রোগী নভেল করোনাভাইরাসের ভয়ে হাসপাতালে আসছেন না। কিন্তু এটা তাদের জন্য মরণঘাতী প্রমাণিত হতে পারে।

তাদের পক্ষ থেকে বলা হয়, গত ৬ থেকে ৮ সপ্তাহে আমরা হার্ট অ্যাটাক ও স্ট্রোক রোগীদের সংখ্যা অনেক কম দেখেছি। কেবল যুক্তরাষ্ট্রেই নয়, পৃথিবীর অন্যান্য অঞ্চলেও একই দৃশ্য দেখা গেছে। যা মূলত কভিড-১৯-এর কারণে হচ্ছে।

তাই তারা সেসব রোগে আক্রান্তদের উদ্দেশে বলেছেন, হাসপাতালগুলো অন্য রোগীদের জন্য সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। তাই রোগ নিয়ে কেউ যেন ঘরে বসে না থাকে।

ডসএনএন