১৫ এপ্রিল উত্তর কোরিয়ার স্থপতি কিম ইল সায়ের জন্মদিন। দেশটির ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ একটি দিন এটি। দিনটিকে বলা হয় ‘ডে অব দ্য সান’। এটি সরকারি ছুটির দিনও বটে। প্রতিবার বিভিন্ন আয়োজনে উদযাপন করা হয় দিনটি। যেখানে স্যাটেলাইট লঞ্চ করা এবং মিলিটারি প্যারেডের মতো আয়োজনও থাকে। উত্তর কোরিয়ার ক্যালেন্ডারও শুরু হয় ১৫ এপ্রিল। নানা আয়োজন নিয়েই দিনটিতে ব্যস্ত সময় পার করেন দেশের সর্বোচ্চ নেতা কিম জং-উন। কিন্তু এবার জন্ম উৎসব কোনো ধরনের আয়োজন ছাড়াই চলে গেল। এমনকি এদিন প্রকাশ্যেও আসেননি উন, যা বেশ অস্বাভাবিক ঘটনাই বটে। অনেকে এ ঘটনায় নভেল করোনাভাইরাসের দিকে ইঙ্গিত করেছেন। যদিও উত্তর কোরিয়ায় এখনো কেউ আক্রান্ত হয়নি।
এদিকে গুরত্বপূর্ণ দিনটিতে উত্তর কোরিয়ার গণমাধ্যমও কোথাও তার উপস্থিতির কোনো সংবাদ পরিবেশন করেনি। দেশটির সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিন প্যাালেস অব দ্য সানে প্রথাগত ভ্রমণ করেছেন। বিশেষজ্ঞরাও কিমের অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। উত্তর কোরিয়ায় অবশ্য এমনিতেই স্বাধীন গণমাধ্যমের কোনো উপস্থিতি নেই। বিশেষ করে দেশের নেতৃত্বের প্রশ্নে অবস্থান আরো বেশি ম্লান থাকে।
অতীতে বড় আয়োজনে সর্বোচ্চ নেতার অনুপস্থিতি বড় কোনো ঘটনার ইঙ্গিত দিয়েছিল। ২০০৮ সালে ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্যারেডে কিম জন ইল অনুপস্থিত ছিলেন। পরে জানা যায় তিনি স্ট্রোক করেছিলেন।
ডসএনএন





