সোমবার থেকে আংশিক লকডাউনে প্রবেশ করেছে জার্মানি। সম্প্রতি ইউরোপজুড়ে সংক্রমণ বাড়ছে রকেট গতিতে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তার দেশ এমন সংকট আর দেখেনি। জার্মানিতে এবারের লকডাউনের নাম দেয়া হয়েছে ‘লকডাউন লাইট’। লকডাউনে রেস্টুরেন্ট, বার, জিমনেশিয়াম বন্ধ থাকবে এক মাসের জন্য। এক লাখ নাগরিকের মধ্যে সংক্রমণ ৫০-এর নিচে নামিয়ে আনার লক্ষ্য থেকে লকডাউনের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এ হার ১২৮। এদিকে সামাজিক জীবনে বিধিনিষেধ আরোপের জন্য সমালোচিত হচ্ছেন মেরকেল। তবে নিজের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়ে মেরকেল বলেছেন, স্কুল ও দোকানপাট খোলা রাখার জন্য অন্য কোনো উপায় আর নেই। ‘স্বাধীনতা মানে অনেকগুলো বিকল্প থেকে কোনোটা বেছে নেয়া। কিন্তু স্বাধীনতা সবার জন্যই। এ অর্থ আমার হাতে অসীম স্বাধীনতা নেই। সবাইকে নিজের স্বাধীনতার সংস্করণে বাস করতে হয়।’
বেশ কয়েকটি অর্কেস্ট্রা দল বলছে, সংস্কৃতি ও ইভেন্ট ইন্ডাস্ট্রিতে অনেকেই টিকে থাকতে পারছে না। তারা প্রতিবাদ জানিয়েছে নীরবতার মাধ্যমে। তারা মনে করে এর মাধ্যমে অপেরা, সংগীত, থিয়েটার, সিনেমা ও শিল্প সক্রিয় না থাকলে সমাজে যে শূন্যতা তৈরি হয় সেটিই প্রদর্শন করতে চাওয়া হয়েছে।
নিউইয়র্ক টাইমস





