টোকিও অলিম্পিক ফুটবলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লাতিন জায়ান্ট ব্রাজিল। আজ সৌদি আরবকে ৩-১ গোলে হারায় সেলেসাওরা। এ জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠল অলিম্পিকের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ মিসর। ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী ও সদ্যই কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা এবারের অলিম্পিক আসর থেকে বিদায় নিয়েছে।
প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা রিচার্লিসন আজও করেন দুই গোল। তার অনবদ্য পারফরম্যান্সে ভর করে সৌদি আরবের বিপক্ষে সহজ জয় তুলে নেয় ব্রাজিল। টুর্নামেন্টে এরই মধ্যে এভারটন স্ট্রাইকারের নামের পাশে ৫ গোল।
ব্রাজিলের গ্রুপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। আজ অন্য ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে আফ্রিকান দল আইভরি কোস্ট। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট, সমান ম্যাচে জার্মানির ৪। সৌদি আরব বাড়ি ফিরবে শূন্য হাতে।
এদিকে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে দক্ষিণ কোরিয়া। আজ গ্রুপের শেষ ম্যাচে হন্ডুরাসকে ৬-০ গোলে হারিয়েছে তারা। অন্য ম্যাচে গোলশূন্য ড্র করে রোমানিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।
আজ সন্ধ্যায় ‘সি’ গ্রুপে নাটকীয়ভাবে আর্জেন্টিনার বিদায় ঘটেছে, আর শেষ আটে জায়গা করে নিয়েছে মিসর। গ্রুপ লিডার স্পেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিওনেল মেসিদের দেশ, এই সুযোগে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে পরাজিত করে মিসর শেষ আটের টিকিট বাগিয়ে নেয়।
৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্পেন যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। মিসর ও আর্জেন্টিনার সংগ্রহ সমান ৪ পয়েন্ট, যদিও গোল ব্যবধানে আর্জেন্টিনাকে (-১) পেছনে ফেলেছে মিসর (+১)।
‘এ’ গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক জাপান ও মেক্সিকো। বিদায় নিয়েছে ফ্রান্স। আজ ফ্রান্সকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জাপান, অন্য ম্যাচে মেক্সিকো ৩-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নকআউটের টিকিট কাটে।
৩১ জুলাই চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। পুরুষ ফুটবলের ফাইনাল ৭ আগস্ট।
কোয়ার্টার ফাইনালের লাইনআপ
জাপান-নিউজিল্যান্ড
স্পেন-আইভরি কোস্ট
দক্ষিণ আফ্রিকা-মেক্সিকো
ব্রাজিল-মিসর





