রান্না বলতে তো আর শুধু চুলায় রান্না নয়। এর আগে থাকে নানা প্রস্তুতি। রয়েছে কাটাকুটি-মসলা বাটাবাটির ঝামেলাও। স্মার্ট কিচেনে সে গতানুগতিক শিল-পাটার ব্যবহার আর করে কজন? ফলে আধুনিক প্রযুক্তির বদৌলতে সে কাজটাও এখন হয়ে গেছে অনেক বেশি আধুনিক।
মসলা বাটা বা কাটাকুটির কাজ সহজ করতে এখন বাজারে আছে নানা যন্ত্র। আপনার স্মার্ট কিচেন সাজাতে অনায়াসে ঝুঁকতে পারেন এসব যন্ত্রপাতির দিকে।
ঘরে বসেই জুস বা লাচ্ছি বানাতে প্রয়োজন পড়ে জুসারের। কাজটি ব্লেন্ডারেও সারা যায়। সুস্বাদু রান্নার অত্যাবশকীয় উপকরণ নানা রকম মসলা। এসব মসলা পিষতে জুড়ি নেই ব্লেন্ডার বা গ্রাইন্ডারের। ঘরেও এ কাজগুলো সহজেই করা যাবে যন্ত্রের সাহায্যে। মডেলভেদে এসব জুসার ও ব্লেন্ডার হয় টু-ইন-ওয়ান থেকে ফোর-ইন-ওয়ান। টু-ইন-ওয়ান মেশিনে থাকে ব্লেন্ডার ও জুসার কিংবা ব্লেন্ডার ও গ্রাইন্ডার। থ্রি-ইন-ওয়ান মেশিনে ব্লেন্ডার, জুসার ও গ্রাইন্ডার। আর ফোর-ইন-ওয়ানে থাকে ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার ও চপার।
বাজারে বিভিন্ন বিদেশী ব্র্যান্ডের তো বটেই দেশীয় অনেক ব্র্যান্ডেরও ব্লেন্ডার পাবেন। এর মধ্যে ভিশন, ওয়ালটন, কনকার ব্লেন্ডার গ্রাইন্ডার গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়।
এছাড়া সবজি বা মাছ কাটাকুটির কাজ সহজ করতে বাজারে পাবেন বিভিন্ন ধরনের ফুড প্রসেসর। এসব দিয়ে শুধু যে দ্রুত আপনার কাজগুলো সারতে পারবেন তাই নয়, সেগুলো করতে পারবেন খুবই স্মার্টলি।
বাজারে বিভিন্ন রকমের ফুড প্রসেসর আছে। আপনি চাইলে সেট হিসেবে বা আলাদাও কিনতে পারেন। কোনো কোনো সেটে আছে নানা রকম শেপের ফল-সবজি কাটার জন্য বিভিন্ন রকম ব্লেডের চপার।
এগুলোর কোনোটা যেমন সেট ধরে কিনতে পারবেন, তেমন চাইলে সেগুলো আলাদা আলাদা করেও কিনতে পারবেন। দ্রুত ফল বা সবজি কাটার জন্য আছে চপিং ব্লেড, চিকন-মোটা স্লাইস করতে বিভিন্ন শেপের স্লাইসার, ডিম, বাটারসহ যেকোনো কিছু বিট করতে বিটার, কেকের মিক্সচার তৈরির জন্য হ্যান্ড মিক্সচার, দ্রুত অল্প কিছু ব্লেন্ড করার জন্য হ্যান্ড ব্লেন্ডার, কফি ফোম তৈরির মেশিন, শিশুদের খাবার নরম করতে আলাদা বেবি মিক্সচার, মাল্টা, কমলা, বেদানা, টমেটোসহ আঁশযুক্ত রসাল ফল কিংবা সবজির জুস করতে হ্যান্ড জুসার, বিভিন্ন রকমের ভর্তা বানানোর জন্য বিশেয়ায়িত চামচসহ সবকিছুই পাওয়া যাবে বাজার ঘুরলে। মাছের আঁশ তোলার জন্য এক ধরনের ফিলার পাবেন বাজারে, যা দিয়ে দ্রুতই আঁশ তুলতে পারবেন এবং সেগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়েও যাবে না। পাবেন সবজির বা ফলের খোসা ছাড়ানোর জন্য বিভিন্ন ধরনের পিলারও।
আবার তেল ছাড়া যেকোনো রান্না, ভাপে তৈরি পিঠা কিংবা স্টিমে কোনো রান্না করতে চাইলে আপনার দরকার হবে স্টিমারের। বাজারে তিন-চার রকমের স্টিমার পাবেন। বাজারে বিভিন্ন রকমের, ব্র্যান্ডের ও দামের ফুড প্রসেসর রয়েছে। এর মধ্যে ফিলিপস, নোভা, প্রেস্টিজ, হকিংস, শার্প ব্র্যান্ডের ফুড প্রসেসরগুলোর বেশ সুনাম রয়েছে। বর্তমানে দেশী ব্র্যান্ডগুলোও বেশ সুনাম কুড়াচ্ছে। ঢাকার নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গুলশান ডিসিসি মার্কেটের ক্রোকারিজের দোকানগুলো ছাড়াও অনেক বাজারেই পাবেন বিভিন্ন রকম ফুড প্রসেসর।





