ব্যবহারের পরামর্শ

  ওভেনে যে বৈদ্যুতিক সংযোগ অথবা মাল্টিপ্লাগের সংযোগ ব্যবহার করা হবে তা যেন সর্বনিম্ন ২০০০ ওয়াট বিদ্যুৎ পরিবহন উপযোগী হয়।

  ওভেনের দুই পাশে কমপক্ষে ৭-৮ ইঞ্চি এবং ওপরের দিকে ১০-১২ ইঞ্চি ফাঁকা থাকতে হবে।

  উন্নতমানের বৈদ্যুতিক সকেটের সঙ্গে সংযুক্ত করে বিদ্যুৎ সংযোগ দিতে হবে।

  রোলার রিং ওভেনের মাঝখানে বসাতে হবে।

  টার্ন টেবিল এমনভাবে রোলার রিঙের পর বসাতে হবে যাতে এর কেন্দ্র কাপলারের সঙ্গে মিলে যায়।

  এবার টার্ন টেবিলের ওপর প্রস্তুত করা খাবার পাত্র রেখে ওভেনের দরজা বন্ধ করলে ডিসপ্লে প্যানেলে ‘০’ দেখা যাবে। অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার ঠিকমতো এসেছে। এবার পাওয়ার লেভেলের (△) বাটন প্রেস করতে থাকুন যতক্ষণ না সঠিক তাপ দেখতে পাচ্ছেন। কতক্ষণ সময় ধরে রান্না করবেন মিনিট অথবা সেকেন্ডের বাটন প্রেস করে অথবা ডায়াল নব ঘুরিয়ে সেট করে স্টার্ট বাটন প্রেস করলে রান্না শুরু হয়ে যাবে। রান্নার সময় শেষ হলে ওভেনের মডেল অনুযায়ী তিন-চারবার ‘বিপ’ শব্দ শোনা যাবে এবং ‘০’ দেখা যাবে। তারপর ওভেনের দরজা খুলে খুব সাবধানে গ্লাভস দিয়ে ধরে পাত্রটিকে ওভেন থেকে বের করে নিয়ে আসুন।

সতর্কতা

  ভুলেও কোনো ধাতব পাত্র মাইক্রোওয়েভ ওভেনে ব্যবহার করা উচিত নয়। ধাতব বাসনপত্রে স্ফুলিঙ্গ হতে পারে। 

  বায়ুনিরোধক বোতল, বয়াম, জার ইত্যাদি ওভেনে গরম করা উচিত নয়। গরম করার ফলে ভেতরের চাপ বেড়ে গিয়ে বিস্ফোরণ হতে পারে। এসব ক্ষেত্রে পাত্রের ঢাকনা অল্প ফাঁক করে ওভেনে দিতে হবে। 

  দুধ বা তরলজাতীয় জিনিস পুরোপুরি ভরে দেয়া উচিত না। অতিরিক্ত ফুলে উঠলে ওভেন নষ্ট হয়ে যেতে পারে।

  ওভেন খালি অবস্থায় চালু করা যাবে না, এতে ওভেনের চারপাশের দেয়ালের ক্ষতি হতে পারে।

  ওভেনে তেল গরম করা উচিত নয়।

  প্রতিবার ব্যবহারের পর পাতলা গেঞ্জির কাপড় দিয়ে ওভেনের ভেতর পরিষ্কার করতে হবে। 

ডিফ্রস্টিং প্রোগ্রাম

ওভেনের ডিফ্রস্টিং প্রোগ্রামের মাধ্যমে ফ্রিজের ডিপ চেম্বারে রাখা মাছ, মাংস, কাবাব, রান্না করা খাবার দ্রুত সাধারণ তাপমাত্রায় আনা যায়। খাদ্য ডিফ্রস্ট করার আগে নিম্নের নিয়মগুলো দেখে নিতে হবে।  

  হিমায়িত খাবার প্যাকেটসহ ওভেনে ঢোকানো যাবে না।

  মাছ, মাংস ডিফ্রস্ট করার সময় মাইক্রোওয়েভ প্রুফ পাত্রের ওপর রেখে ডিফ্রস্ট করা ভালো, না হলে চুইয়ে পড়া তরল পদার্থ টার্ন টেবিলের ওপর পড়বে। 

  ডিফ্রস্ট করার সময় মাইক্রোওয়েভ প্রুফ পাত্রে যে তরল পদার্থ জমা হবে তা কিছুক্ষণ পরপর ফেলে দিলে বরফ জমা খাবার দ্রুত ডিফ্রস্ট হবে।

  বরফ জমা খাবার যখন স্বাভাবিক তাপমাত্রায় আসতে থাকে তখন প্রতিটি অংশ আলাদা করে ফেলে সাধারণ তাপমাত্রায় এনে কিছুক্ষণ রেখে তারপর রান্না করতে হবে।

গ্রিল প্রোগ্রাম

ওভেনে গ্রিল প্রোগ্রাম থাকলে যেকোনো ধরনের গ্রিল আইটেম করা যায়। যেমন চিকেন গ্রিল, বিফ গ্রিল, চিকেন রোস্ট, মাটন রোস্ট, বিভিন্ন টাইপের কাবাব, চপ, ফিশ ফিঙ্গার ইত্যাদি ম্যারিনেট করে অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে কিংবা কোনো মেটাল ডিশের ওপর রেখে গ্রিল করার জন্য ওভেনের সঙ্গেই একটা স্টিলের তৈরি র‍্যাক থাকে, যার ওপর খাবার রাখা হয়। গ্রিল বাটনে প্রেস করে প্রিহিট করে খাবার ওভেনের ভেতর রেখে পুনরায় গ্রিল বাটন প্রেস করে বা ডায়াল নব ঘুরিয়ে গ্রিলের সময় নির্দিষ্ট করুন। সর্বোচ্চ সময় ১ ঘণ্টা। খেয়াল রাখতে হবে গ্রিল করার সময় কোনো তেল, চর্বি যাতে টার্ন টেবিলে না পড়ে, সে জন্য র‌্যাকের নিচে একটি প্লেট রাখতে হবে। খাবারের রঙ বাদামি বা কিছুটা পোড়া পোড়া হবে।