রান্নার পূর্বপ্রস্তুতি যত সহজে হবে, রান্নায় সময়ও লাগবে ততই কম। কারণ রান্না বলতে তো আর শুধু চুলায় রান্না নয়। আমাদের প্রতিদিনের নির্দিষ্ট কিছু সময় রান্নায় ব্যয় হয়। তবে কর্মব্যস্ত জীবনে যতটা সহজে রান্না করা যায় ততটাই স্বস্তি। তাই রান্না শুরুর আগের কাজগুলোকে আরো সহজ করে নেয়ার জন্যই গতানুগতিক শিল-পাটার ব্যবহার থেকে বেরিয়ে আধুনিক প্রযুক্তির নানা স্মার্ট কিচেনসামগ্রীর দিকে ঝুঁকছে মানুষ।

রান্নার পূর্বপ্রস্তুতি হিসেবে মসলা বাটা, সবজি কাটা এসব কাজকে আরো একটু সহজভাবে করতেই আধুনিক সব ফুড প্রসেসরের ব্যবহার। সেই সঙ্গে রান্নাঘরকে স্মার্ট কিচেন হিসেবে সাজিয়ে তুলতেও ফুড প্রসেসরগুলো এর অংশ হতে পারে। বর্তমান আধুনিক ফুড প্রসেসর হিসেবে ব্লেন্ডার, জুসার, ভেজিটেবল কাটারের মতো বেশকিছু সামগ্রীর ব্যবহার বেড়েছে। 

সুস্বাদু রান্নার অত্যাবশ্যকীয় উপকরণগুলোর মধ্যে আছে মসলা। তবে মসলা বাটার জন্য শিল-পাটার ব্যবহার এখন কমে গেছে। কারণ স্বল্প সময়ে ব্লেন্ডার বা গ্রাইন্ডারের মাধ্যমে আরো সহজে রান্নার জন্য বাটা প্রস্তুত করা যাচ্ছে। এছাড়া ঘরে বসেই এখন জুস বা লাচ্ছিও বানানো যাচ্ছে জুসারে। আবার ব্লেন্ডারেও জুস তৈরি করা যায়। মডেলভেদে ব্লেন্ডার বা গ্রাইন্ডারের প্রকারও ভিন্ন। যেমন টু-ইন-ওয়ান থেকে ফোর-ইন-ওয়ান ব্লেন্ডার। ব্লেন্ডার ও জুসার বা ব্লেন্ডার ও গ্রাইন্ডার থাকে টু-ইন-ওয়ান মেশিনে। থ্রি-ইন-ওয়ান মেশিনে ব্লেন্ডার, জুসার ও গ্রাইন্ডার সবই রয়েছে এবং ফোর-ইন-ওয়ানে থাকে ব্লেন্ডার, জুসার, গ্রাইন্ডার ও চপার। 

বাজার থেকে এ ফুড প্রসেসরগুলো ক্রয় করার আগে অবশ্যই বেশকিছু বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়ারেন্টি নিশ্চিত হয়ে ক্রয় করতে হবে পণ্য। এছাড়া ব্লেন্ডারে কখনো অতিরিক্ত গরম তরল পদার্থ ব্লেন্ড করা যাবে না। অতিরিক্ত গরম কোনো কিছু ব্লেন্ড হওয়ার সময় এর ভেতরের চাপ ও তাপমাত্রা বেড়ে যায়। ফলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। তাই এসব সতর্কতা মেনেই কাজ করতে হবে। সেই সঙ্গে বাজারে এখন বিদেশী নানা ব্র্যান্ড ছাড়াও রয়েছে আমাদের দেশীয় নানা ব্র্যান্ডের ফুড প্রসেসর পণ্য। মাছ, মাংস ও সবজি কাটার জন্যও আছে নানা ফুড প্রসেসর। যেগুলো ব্যবহারে দ্রুত রান্নার প্রস্তুতির পাশাপাশি স্মার্টওয়েতে করা যায় সব কাজ।  

আবার সুবিধা হিসেবে কেউ চাইলে ফুড প্রসেসরগুলোর পুরো সেট না কিনে আলাদা করেও কিনতে পারবে। যেগুলোয় রয়েছে বিভিন্ন সেপের ব্লেড চপার, যা দিয়ে সবজি ও ফল সহজেই কাটা যাবে। যেমন চপিং ব্লেড, চিকন বা মোটা স্লাইস করে কাটার জন্য বিভিন্ন সেপের স্লাইসার, ডিমসহ যেকোনো কিছু বিট করার জন্য বিটার, কেকসহ নানা খাবারের মিক্সচার তৈরির জন্য হ্যান্ড মিক্সচার। আবার খুব দ্রুত কিছু ব্লেন্ড করার জন্য হ্যান্ড ব্লেন্ডার (যা সহজেই ব্যবহার করা যায়)। এছাড়া শিশুদের খাবার আরো নরম করে খাওয়ানোর জন্যও আলাদা বেবি ফুড মিক্সচারও রয়েছে বাজারে। রাজধানী ঢাকাসহ, দেশের প্রায় সব প্রান্তের দেশীয় ব্র্যান্ডগুলোর শোরুমেই মিলবে এসব ফুড প্রসেসর, যা আমাদের রান্নাকে আরো সহজ করে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে।

৯০-এর দশকে ফুড প্রসেসর বলতে মূলত বিদেশী কোম্পানির প্রডাক্টকেই বোঝাত। কিন্তু  এখন যমুনা, কনকা, ওয়ালটন, ভিশন, মিনিস্টারের পণ্য দেশের চাহিদা মেটাচ্ছে।