আউটসোর্সিং নীতিমালা বাতিল এবং আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক ও প্রকল্পে কর্মরতদের বহাল রেখে বয়স শিথিল করে চাকরি স্থায়ীকরণের দাবি তুলেছেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এ পদ্ধতিতে কর্মরতরা। এ দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আউটসোর্সিং খাতের অন্তত ২০ হাজার কর্মী। ওয়াসা, সচিবালয়, রাজউক, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বহু সরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা এ বিক্ষোভে অংশ নেন। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার ফটকের সামনে আসেন তারা। স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে মাহবুবুর রহমান আনিস, এম এম জীবন, বেলাল হোসেন ও রফিকুল ইসলাম যমুনার ভেতরে গিয়ে স্মারকলিপি জমা দেন। প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব শাব্বীর আহমদ স্মারকলিপি গ্রহণ করেন।