সরকারের পতনের পরপরই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একের পর এক পদত্যাগ করতে শুরু করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিরা। শিক্ষার্থীদের অভিযোগ আন্দোলনের সময় তারা শিক্ষার্থীবিরোধী ভূমিকা পালন করেছেন। এর জেরে দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না দেয়া পর্যন্ত ডিনস কমিটি বা চেয়ারম্যানদের মিটিংয়ের মাধ্যমে জ্যেষ্ঠতম অধ্যাপককে উপাচার্যের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।