এবারের ঈদ আপনার জন্য স্পেশাল কিনা, হলেও কতটা?

নির্দিষ্ট কোনো কারণে ঈদ স্পেশাল না। তবে সেভাবে চিন্তা করলে ঈদ জিনিসটাই স্পেশাল। এক মাস রোজা রাখার পর একটা দিনকে উদযাপন করা, এটা অনেক বড় ব্যাপার।

ঈদ নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কি?

ঈদ নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। তবে আমার একটা গান আসবে ইত্যাদিতে। এসএ হক অলীকের লেখা গান, ‘বুঝি নাই তো আগে’।

গানটি নিয়ে যদি আপনার অনুভূতি শেয়ার করতেন বা গাওয়ার সময় শ্রোতাদের কাছে সাড়া কেমন পেয়েছেন?

ভালোই সাড়া পেয়েছি, গানটা তো দর্শক-শ্রোতারা তখন প্রথমবার শুনছে। তবে সে সময় রেকর্ডিংয়ের কারণে পজ দিতে হয়। এর পরও আমার মনে হয়েছে দর্শক গানটা উপভোগ করেছে। বাকিটা তো আসলে যখন রিলিজ হবে, তখন বোঝা যাবে। দেখার বিষয় সব স্তরের শ্রোতার কেমন লাগে! আশা করি ভালো লাগবে।

ঈদ উদযাপন নিয়ে ছোটবেলার কোনো স্মৃতি আছে কিনা?

ছোটবেলার তো আসলে অনেক স্মৃতি আছে, সবার যেমন থাকে আরকি। ঈদের জামা-কাপড়, জুতাকেন্দ্রিক স্মৃতিই বেশি। নতুন জামা-কাপড়ের ওপর অনেক বেশি আকর্ষণ কাজ করত। আমার মনে আছে, আম্মা সেগুলো কেনার পর আলমারিতে তুলে রাখতেন। বলতেন, ‘এগুলো ঈদের দিন পরবা।’ আমি আবার সেগুলো প্রতিদিনই বের করে করে দেখতাম। খুব ভালো লাগত। খুবই সিম্পল জিনিস। কিন্তু ছোটবেলায় এগুলো অনেক বড় ব্যাপার ছিল। এরপর আছে সালামি পাওয়া।

এখনকার ঈদ আর ছেলেবেলার ঈদের সঙ্গে কী কী তফাত দেখতে পান?

এখন আর তখন তো আকাশ-পাতাল তফাত। ছোটবেলার ঈদ ব্যাপারটা অন্য রকম। ছোটবেলার একটা নিজস্ব জগৎ আছে। সেটা মূল্যবান, তার সঙ্গে কিছুর তুলনা হয় না।

ঈদের পরে দেশের ভেতর বা বাইরে, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে কি?

না, কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা নেই। এখন পর্যন্ত সব ঈদ আমি দেশেই কাটিয়েছি।

ঈদের দিন আপনার সবচেয়ে পছন্দের খাবার কোনটি?

নির্দিষ্ট কোনো পছন্দের খাবার নেই। বাসায় যখন যা থাকে, তাই পছন্দ করে খাই। ঈদে খাবারের থেকে ঐতিহ্যগত অনুভূতিগুলোই বেশি উদযাপন করি।

ঈদে কোন পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?

আমার প্রিয় বলে না, ট্র্যাডিশনালি সবাই পাঞ্জাবি পরে। আমিও পাঞ্জাবিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি।

ঈদের পরে কি শ্রোতারা নতুন কোনো অ্যালবাম পাচ্ছে?

গান তৈরি আছে। কাজ তো সারা বছরই চলে, তবে এখনো তেমন কোনো পরিকল্পনা নেই। যদি কোনো পরিকল্পনা গ্রহণ করি, তাহলে তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। একটা মিউজিক ভিডিওর জন্য গান তৈরি করা আছে। আশা করি, ঈদের পর সময় সুযোগ বুঝে বাকি কাজ করা হবে।

ঈদ উপলক্ষে আপনার শ্রোতা ও ভক্তদের কী বার্তা দিতে চান?

সবসময়ের মতো বলতে চাই, ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ...’। মাসব্যাপী রোজা রাখার পর সবার মধ্যে অন্য রকম ফুর্তি কাজ করে। এটা অন্য কোনো সময়ের সঙ্গে তুলনা করা যায় না। আমি চাই, সবার ঈদটা খুব সুন্দরভাবে কাটুক। পরিবার-বন্ধু সবাইকে নিয়ে অনেক আনন্দে ঈদ উদযাপন করুন সবাই।